ভাইরাল খবর
ওয়ার্ড অফিসে ৫টি এসি, খাট ও কন্ডোমের প্যাকেট! হতবাক স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত বললেন ‘দেখাও পাপ’
ডিজিটাল ডেস্কঃ বিধাননগর (Bidhannagar) পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড অফিসকে ঘিরে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। সরকারি (Government) কার্যালয়ের ভিতরে একাধিক এসি (AC), শয়নকক্ষ (Bedroom), খাট, বালিশ, চাদর এবং ড্রেসিং টেবিল (Dressing Table) থেকে কন্ডোম (Condom)-এর প্যাকেট উদ্ধারের দাবি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।
শুক্রবার বিজেপি (BJP)-র একটি কর্মসূচি শেষে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee) দলীয় কর্মীদের সঙ্গে ওয়ার্ড অফিস পরিদর্শনে যান। সেখানে ঢুকেই তাঁরা দেখতে পান, একটি বড় ঘরে পাঁচটি এসি বসানো রয়েছে। পাশাপাশি একটি আলাদা ঘরে খাট, ড্রেসিং টেবিল ও আলমারি রাখা ছিল। বিজেপির অভিযোগ, ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কন্ডোমের প্যাকেট এবং আলমারির ভিতরে একাধিক বালিশ, কম্বল ও বিছানার চাদর পাওয়া যায়।
ঘটনাস্থল পরিদর্শনের পর স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রথমে বুঝতে পারছিলাম না কেন শয়নকক্ষ রয়েছে। পরে বুঝলাম। বয়স হয়েছে, এমন জিনিস দেখাও পাপ।” তাঁর দাবি, সরকারি কাজ পুনরায় শুরুর আগে ওয়ার্ড অফিসটি গঙ্গাজল দিয়ে শুদ্ধকরণ করা উচিত।
উল্লেখ্য, ৩৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্কর সম্প্রতি পদত্যাগ করেছেন। বর্তমানে প্রশাসকের তত্ত্বাবধানে ওয়ার্ডের কাজ চলছে। বিজেপির অভিযোগের তির মূলত প্রাক্তন কাউন্সিলরের দিকেই। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেস (TMC) বা জয়দেব নস্করের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওয়ার্ডের নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছিল। সেই অভিযোগ খতিয়ে দেখতেই মন্ত্রীর এই পরিদর্শন। সরকারি অফিসে এমন সামগ্রী থাকার যৌক্তিকতা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। পাশাপাশি অফিসে কোনও অনৈতিক কর্মকাণ্ড চলত কি না, সেই দাবিও তুলেছে বিরোধী শিবির। ঘটনার জেরে বিধাননগর জুড়ে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে।
