ভাইরাল খবর
দিল্লি রওনা ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের! ‘২০ নই, আমরা ২২ জন’, দাবি কাকলির
ডিজিটাল ডেস্কঃ লোকসভার (Lok Sabha) অধিবেশন শুরুর আগেই তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরে রাজনৈতিক জল্পনা আরও ঘনীভূত হল। দিল্লি (Delhi) রওনা হওয়ার আগে বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন, তাঁদের সঙ্গে থাকা সাংসদের সংখ্যা ২০ নয়, বেড়ে হয়েছে ২২। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা— তাহলে আরও দু’জন সাংসদ কি শীঘ্রই বিদ্রোহী শিবিরে যোগ দিতে চলেছেন?
সূত্রের খবর, সোমবার বিদ্রোহী সাংসদরা লোকসভার স্পিকারের (Speaker) সঙ্গে দেখা করে নিজেদের পৃথক ব্লক (Separate Block) হিসেবে স্বীকৃতি চেয়ে আবেদন জানাতে পারেন। যদিও আরেকটি সম্ভাবনাও সামনে এসেছে। তাঁরা নিজেদেরই ‘আসল তৃণমূল’ দাবি করে সংসদীয় নেতৃত্বে পরিবর্তনের দাবি তুলতে পারেন।
সেক্ষেত্রে বর্তমান লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। পাশাপাশি মুখ্য সচেতক (Chief Whip) পদে কাকলি ঘোষ দস্তিদারকে পুনর্বহালের দাবিও উঠতে পারে। সোমবারের সম্ভাব্য পদক্ষেপের আগে রবিবার দিল্লিতে বিদ্রোহী সাংসদদের নিয়ে নৈশভোজ (Dinner Meeting) ও কৌশলগত বৈঠকের আয়োজন করেছেন কাকলি। সেই বৈঠকেই পরবর্তী রাজনৈতিক রূপরেখা চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিন সকাল থেকেই একে একে দিল্লির উদ্দেশে রওনা দিতে দেখা যায় দেব, সায়নী ঘোষ, মালা রায়-সহ একাধিক সাংসদকে। যদিও বিমানবন্দরে (Airport) কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে কাকলির দাবি রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়েছে।
উল্লেখ্য, প্রথমে প্রকাশ্যে আসা চিঠিতে ১৯ জন সাংসদের স্বাক্ষর ছিল। পরে সেই শিবিরে যোগ দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফলে সংখ্যা দাঁড়ায় ২০। এখন কাকলির দাবি অনুযায়ী যদি সংখ্যা ২২ হয়ে থাকে, তাহলে বাকি দুই সাংসদ কারা— তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সোমবার লোকসভায় বিদ্রোহী শিবিরের পদক্ষেপই এখন জাতীয় রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে।
