দেশের খবর
ব্রিটিশ আমলের ঐতিহ্যকে বিদায়! নতুন ড্রেস কোড চালু ভারতীয় সেনাবাহিনীতে
ডিজিটাল ডেস্কঃ ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) পোশাকবিধিতে (Dress Code) আনা হলো একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন। ব্রিটিশ আমল থেকে চলে আসা বেশ কিছু ঐতিহ্যবাহী নিয়ম ও প্রতীক সরিয়ে ‘আর্মি ইউনিফর্মস-২০২৬’ (Army Uniforms 2026) নামে ১৭৪ পাতার নতুন ম্যানুয়াল প্রকাশ করেছে সেনাবাহিনী।
নতুন নির্দেশিকা অনুযায়ী, আনুষ্ঠানিক অনুষ্ঠানে (Formal Occasion) সেনা অফিসাররা এবার থেকে ফুলহাতা শার্টের উপর গলা-বন্ধ কোট বা জ্যাকেট (Bandhgala Coat/Jacket) পরতে পারবেন। একইসঙ্গে প্যারেডের সময় তলোয়ার (Sword) বহনের নিয়ম বাধ্যতামূলক না রেখে ঐচ্ছিক করা হয়েছে। এছাড়া দীর্ঘদিনের প্রচলিত পাউচ বেল্ট (Pouch Belt) বা কোমর বন্ধনীর ব্যবহারও বেশিরভাগ ক্ষেত্রে তুলে দেওয়া হয়েছে।
সেনার নতুন শীতকালীন পোশাকে (Winter Uniform) থাকবে অ্যাঙ্গোলা শার্ট, ব্যাটল জ্যাকেট (Battle Jacket) এবং বেরেট টুপি (Beret Cap)। মহিলা অফিসারদের জন্য মার্জিত রঙের শাড়ি, কুর্তা-সালোয়ার ও গোড়ালি ঢাকা প্যান্টের সঙ্গে দোপাট্টা পরার অনুমতি দেওয়া হয়েছে। তবে স্লিভলেস পোশাক, পালাজো বা সিগারেট প্যান্ট নিষিদ্ধ করা হয়েছে।
নতুন ম্যানুয়ালে ঔপনিবেশিক যুগের (Colonial Era) একাধিক পরিভাষাও বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে ‘রয়্যাল’ (Royal) শব্দসহ ব্রিটিশ শাসনের স্মারক হিসেবে বিবেচিত কিছু শব্দ আর ব্যবহার করা হবে না। সেনা সূত্রের মতে, ভারতীয় পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও গুরুত্ব দিতেই এই পরিবর্তন।
পোশাকের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা (Personal Grooming) ও আচরণবিধি নিয়েও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ইউনিফর্ম পরা অবস্থায় ট্যাটু (Tattoo), গয়না (Jewellery) বা ব্রেসলেট পরা যাবে না। পুরুষদের গোঁফের দৈর্ঘ্য ১২ সেন্টিমিটারের মধ্যে রাখতে হবে। মহিলা সেনাকর্মীদের জন্য লিপস্টিক, নেলপলিশ, টিপ ও নাকছাবি নিষিদ্ধ করা হয়েছে, যদিও সিঁদুর ব্যবহারে সীমিত ছাড় রাখা হয়েছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন শুধু পোশাক নয়, ভারতীয় সেনাবাহিনীর সাংগঠনিক পরিচয় ও সাংস্কৃতিক রূপান্তরেরও প্রতীক।
