দেশের খবর
রামমন্দিরে চুরির অভিযোগের তদন্তে সায় ট্রাস্টের! ৩ সদস্যের সিট গঠন করলেন যোগী
ডিজিটাল ডেস্কঃ অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া কোটি কোটি টাকার অনুদান (Donation) চুরির বিস্ফোরক অভিযোগে তোলপাড় দেশ। সমাজবাদী পার্টির (SP) প্রধান অখিলেশ যাদবের তোলা ৫ থেকে ৭ কোটি টাকা নয়ছয়ের অভিযোগকে প্রথমে ‘গুজব’ বলে উড়িয়ে দিলেও, এবার ড্যামেজ কন্ট্রোলে (Damage Control) নামল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। অভ্যন্তরীণ তদন্তে কিছু সন্দেহজনক লেনদেনের (Suspicious Transactions) হদিশ মেলায়, অবশেষে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে উচ্চপর্যায়ের তদন্তের আর্জি জানায় ট্রাস্ট। এর প্রেক্ষিতেই ৩ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠন করেছে উত্তরপ্রদেশ সরকার। এই কমিটিতে রয়েছেন আইএএস বিজয় বিশ্বাস পন্থ, প্রাক্তন আইজি কিরণ এস এবং অর্থ দপ্তরের বিশেষ সচিব নীল রতন।
বিতর্কের পারদ আরও চড়েছে মন্দিরের প্রাক্তন চিফ অ্যাকাউন্টস অফিসার (Chief Accounts Officer) মহিপাল সিংয়ের এক চাঞ্চল্যকর দাবির পর। তাঁর অভিযোগ, মন্দির চত্বরের সিসিটিভি (CCTV) ফুটেজ ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়েছে এবং সোনা-রুপোর দানসামগ্রীর কোনো ডিজিটাল রেকর্ড (Digital Record) রাখা হয়নি। ইতিমধ্যেই পুলিশ ট্রাস্টের চার কর্মীকে গ্রেপ্তার করেছে এবং লবকুশ মিশ্র নামক এক কর্মীর বাড়ি থেকে ১০-১২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
এদিকে নিরপেক্ষ তদন্তের দাবিতে বিষয়টি পৌঁছেছে আদালতের দরজায়। এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চে একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের করে সিবিআই (CBI) তদন্ত এবং ক্যাগ (CAG) দ্বারা বিশেষ ফরেনসিক অডিট (Forensic Audit) করানোর আবেদন জানানো হয়েছে। রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র স্টেট ব্যাঙ্কের (SBI) শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেও, নিজেকে মন্দির নির্মাণকার্যের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি রামভক্তের আবেগের কথা মাথায় রেখে এবার স্বচ্ছ তদন্তের পথে হাঁটছে প্রশাসন।
