দেশের খবর
বিদেশের মাটিতে ভারতীয় পরিবারের অবিশ্বাস্য ইতিহাস! এক সপ্তাহের ব্যবধানে মা ও ছেলে মেয়র নির্বাচিত
ডিজিটাল ডেস্কঃ হরিয়ানার (Haryana) রোহতক থেকে ২০১৩ সালে ব্রিটেনে (United Kingdom) পাড়ি দেওয়া এক ভারতীয় বংশোদ্ভূত (Indian Origin) পরিবার আজ আন্তর্জাতিক স্তরে নজির গড়েছে। মাত্র সাত দিনের ব্যবধানে মা ও ছেলে—দু’জনেই ব্রিটেনের দুই পৃথক কাউন্সিলের মেয়র (Mayor) নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।
২৩ বছর বয়সী তুষার কুমার (Tushar Kumar) এলস্ট্রি অ্যান্ড বোরহ্যামউড টাউন কাউন্সিলের (Elstree & Borehamwood Town Council) মেয়র নির্বাচিত হয়েছেন। তিনিই এখন ব্রিটেনের সর্বকনিষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত মেয়র। অন্যদিকে, তাঁর মা পরভীন রানি (Parveen Rani) হার্টস্মিয়ার বরো কাউন্সিলের (Hertsmere Borough Council) মেয়র নির্বাচিত হয়ে প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে এই সম্মান অর্জন করেছেন।
তুষারের বাবা সুনীল দাহিয়া জানান, সমাজসেবা (Social Service) এবং জনকল্যাণমূলক কাজে বরাবরই আগ্রহ ছিল মা-ছেলের। মাত্র ২০ বছর বয়সেই তুষার কাউন্সিলর নির্বাচিত হন। ২০২৩ সালে মা ও ছেলে প্রথমবার একসঙ্গে কাউন্সিলর নির্বাচনে জয়ী হন। পরে ডেপুটি মেয়রের দায়িত্ব সামলে চলতি বছরে পূর্ণ মেয়র হন তুষার।
লন্ডনের কিংস কলেজ (King’s College London) থেকে স্নাতক তুষার শীঘ্রই মাস্টার্স শুরু করবেন। পরিবারটি এখনও ভারতের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। প্রতি বছরই তাঁরা রোহতকে ফেরেন বলে জানিয়েছেন সুনীল দাহিয়া।
তুষারের বার্তা, “জনসেবা করার জন্য বয়স কোনও বাধা নয়।” ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধ ধরে রেখেই ব্রিটেনে এই সাফল্য অর্জন করায় এখন গর্বিত গোটা ভারতীয় সমাজ।


