দেশের খবর
বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রীর সফরের আগে বিস্ফোরক উদ্ধার! কর্তব্যে গাফিলতিতে সাসপেন্ড ৬ পুলিশকর্মী
ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নিরাপত্তা বলয়ে বড়সড় ফাঁকফোকরের অভিযোগে চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুতে (Bengaluru)। প্রধানমন্ত্রীর কনভয় (Convoy) যাওয়ার মাত্র আধ ঘণ্টা আগে বিস্ফোরক (Explosive) উদ্ধারের ঘটনায় এক সাব-ইনস্পেক্টর সহ ৬ জন পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে কর্ণাটক পুলিশ।
ঘটনাটি গত ১০ মে-র। বেঙ্গালুরুর ‘আর্ট অফ লিভিং’ (Art of Living) সেন্টারে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। নির্ধারিত রুটের কাছেই কুপ্পারেড্ডি কেরি এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি বাক্স। তার ভিতরে ছিল জিলেটিন স্টিক (Gelatin Stick), ব্যাটারি, তার, দেশলাই ও টাইম-পিস ঘড়ি। ঘটনাস্থলটি প্রধানমন্ত্রীর যাত্রাপথ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল।
নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী, প্রধানমন্ত্রীর কনভয় যাওয়ার আগে গোটা এলাকা ঝুঁকিমুক্ত ঘোষণা করার দায়িত্ব স্থানীয় পুলিশের। কিন্তু বিস্ফোরক উদ্ধারের পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বেঙ্গালুরু দক্ষিণের পুলিশ সুপার আর শ্রীনিবাসন গৌড়া অভিযুক্ত ৬ পুলিশকর্মীকে সাসপেন্ড করেছেন।
ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)-র হাতে। প্রাথমিক তদন্তে বিস্ফোরক অকেজো বলে জানা গেলেও, তদন্তকারীদের অনুমান এটি নাশকতার ‘মক ড্রিল’ হতে পারে। ঘটনায় কর্ণাটকের কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করেছে বিজেপি।

