বাংলার রাজনীতিতে বড় ধামাকা! তৃণমূলের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে চার্জশিট পেশ করলেন অমিত শাহ
Connect with us

ভাইরাল খবর

বাংলার রাজনীতিতে বড় ধামাকা! তৃণমূলের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে চার্জশিট পেশ করলেন অমিত শাহ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতায় দাঁড়িয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে ১৫ বছরের শাসনের ‘চার্জশিট’ (Chargesheet) পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার নিউটাউনের একটি পাঁচতারা হোটেল থেকে ৩৫ পাতার এই দস্তাবেজ প্রকাশ করে তিনি দাবি করেন, এটি আসলে বাংলার শোষিত মানুষের দেওয়া অভিযোগপত্র। শাহের নিশানায় প্রধান ইস্যু ছিল অনুপ্রবেশ (Infiltration)। তাঁর দাবি, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরাও বাংলা ভাষায় কথা বলেন, যার ফলে কৃত্রিম জনবিন্যাস পরিবর্তন (Artificial Demography Change) ঘটছে এবং মূল নিবাসীরা আজ নিজেদের দেশে সংখ্যালঘু হওয়ার ভয়ে সিঁটিয়ে রয়েছেন।

তবে বিজেপিশাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের (Migrant workers) ওপর ‘বাংলাদেশি’ সন্দেহে নির্যাতন বা বীরভূমের সোনালি খাতুনের মতো শ্রমিকদের পুশব্যাক নিয়ে প্রশ্ন করা হলে তিনি কৌশলে তা এড়িয়ে যান। তিনি সাফ জানান, “অনুপ্রবেশকারীরা গরিবের ভাতে থাবা বসাচ্ছে, আমরা তাদের দেশ থেকে তাড়াতে সংকল্পবদ্ধ।” শাহ প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় আসার ১৫ দিনের মধ্যে বিএসএফ-কে (BSF) কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হবে।

নারী নিরাপত্তা ইস্যুতে আরজি কর ও সন্দেশখালি প্রসঙ্গ তুলে শাহ বলেন, “বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও নারীদের ওপর নির্যাতন সর্বাধিক।” অন্যদিকে, ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন তিনি। পালটা দিতে ছাড়েনি তৃণমূলও। দলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের (Development) কাজের একাংশও বিজেপিশাসিত কোনও রাজ্যে হয়নি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এদিন শাহের নিশানায় বারবার শুভেন্দু অধিকারীর নাম উঠে আসায় রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

Advertisement
ads