ভ্যানডাইক গ্রেফতারির পর ডোভাল-মার্কিন দূত বৈঠক! কী আলোচনা হল? জল্পনা তুঙ্গে
Connect with us

দেশের খবর

ভ্যানডাইক গ্রেফতারির পর ডোভাল-মার্কিন দূত বৈঠক! কী আলোচনা হল? জল্পনা তুঙ্গে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতবিরোধী জঙ্গি গোষ্ঠীকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন নাগরিক ম্যাথু ভ্যানডাইক (Matthew VanDyke) গ্রেফতার হতেই দিল্লিতে কূটনৈতিক তৎপরতা তুঙ্গে। এই ঘটনার পরপরই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভালের সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর (Sergio Gor)। বৈঠকের পর সার্জিও গোর সামাজিক মাধ্যমে গুরুত্বপূর্ণ নিরাপত্তা এবং ভূরাজনৈতিক (Geopolitical) বিষয়ে আলোচনার কথা জানালেও, ম্যাথুর গ্রেফতারি নিয়ে সরাসরি কিছু বলেননি।

ম্যাথু ভ্যানডাইক নিজেকে ‘নিরাপত্তা বিশ্লেষক’ ও ‘যুদ্ধ সাংবাদিক’ হিসেবে দাবি করলেও, গোয়েন্দা সূত্রে খবর, সে আদতে একজন ‘ভাড়াটে যোদ্ধা’ বা মার্সিনারি (Mercenary)। ‘সনস অফ লিবার্টি ইন্টারন্যাশনাল’ নামক একটি সংস্থা চালায় সে, যার মাধ্যমে লিবিয়া থেকে ইউক্রেন—একাধিক দেশে বিদ্রোহীদের প্রশিক্ষণ দিয়েছে ম্যাথু। অভিযোগ, সম্প্রতি সে মিজোরাম সীমান্ত দিয়ে মায়ানমারে গিয়ে ভারতবিরোধী জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে এবং ইউরোপ থেকে বেআইনিভাবে ড্রোন (Drone) আমদানি করেছে।

এই গ্রেফতারি নিয়ে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস (US Embassy) আপাতত ‘গোপনীয়তা’ রক্ষার দোহাই দিয়ে নীরব রয়েছে। তবে তারা জানিয়েছে যে, বিষয়টি সম্পর্কে তারা অবগত। ম্যাথুর দাবি অনুযায়ী, তার সংস্থার সঙ্গে মার্কিন সরকারের যোগ নেই, যদিও সব ক্ষেত্রেই সে আমেরিকার মিত্র পক্ষের হয়ে ‘গোপন অভিযান’ (Covert Operation) চালিয়ে এসেছে।

Advertisement
ads

অন্যদিকে, এই বৈঠকের নেপথ্যে ইরান (Iran) এবং হরমুজ প্রণালীর সংকট নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যেখানে আমেরিকা ও তার মিত্ররা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সমস্যায় পড়ছে, সেখানে ভারত অনায়াসেই নিজেদের ট্যাঙ্কার বের করে আনছে। ট্রাম্প প্রশাসন ভারতকে আন্তর্জাতিক জোটে টানতে চাইলেও দিল্লি তাতে নারাজ। এই বহুমুখী টানাপোড়েনের মাঝে ম্যাথু ভ্যানডাইকের গ্রেফতারি ভারত-মার্কিন কৌশলগত সহযোগিতার (Strategic Cooperation) ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করল।

Continue Reading
Advertisement