ভোট ঘোষণার ঠিক আগে বড় চমক মমতার! মার্চ থেকেই বকেয়া ডিএ দেবে রাজ্য
Connect with us

রাজনীতি

ভোট ঘোষণার ঠিক আগে বড় চমক মমতার! মার্চ থেকেই বকেয়া ডিএ দেবে রাজ্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA Arrears) দেওয়ার কথা জানালেন তিনি। রবিবার দুপুরে নিজের এক্স (X) হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন যে, চলতি মার্চ মাস থেকেই সরকারি কর্মী ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে বকেয়া টাকা ঢুকতে শুরু করবে।

মুখ্যমন্ত্রী লিখেছেন, “সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের (Pensioners) দেওয়া প্রতিশ্রুতি রাখল মা-মাটি-মানুষের সরকার। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক ও অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, পুরসভা এবং অন্যান্য অনুদান-প্রাপ্ত প্রতিষ্ঠানের সদস্যরা রোপা ২০০৯ (ROPA 2009) অনুযায়ী বকেয়া ডিএ পাবেন।” অর্থদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই প্রথম কিস্তির ২৫ শতাংশ বকেয়া মেটানো হবে।

Advertisement
ads

উল্লেখ্য, বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই (Legal battle) চলছিল। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সাফ জানিয়েছিলেন যে, ডিএ কর্মীদের আইনি অধিকার (Statutory right)। আদালত নির্দেশ দিয়েছিল যে, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দু’দফায় মিটিয়ে দিতে হবে, যার প্রথম অংশ দিতে হবে ৩১ মার্চের মধ্যে। যদিও রাজ্য সরকার শুরুতে নথিপত্র ডিজিটাইজেশনের (Digitization) কারণ দেখিয়ে সময় চেয়েছিল, কিন্তু ভোটের প্রাক্কালে আন্দোলনের চাপ ও আদালতের নির্দেশকে সম্মান জানিয়ে দ্রুত এই সিদ্ধান্ত নিল নবান্ন।

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই ঘোষণাকে সম্মিলিত লড়াইয়ের জয় হিসেবে চিহ্নিত করেছেন। তবে কর্মীদের একাংশের মধ্যে এখনো ধোঁয়াশা (Confusion) রয়েছে যে, এটি বাজেটে ঘোষিত বর্ধিত ডিএ নাকি সুপ্রিম কোর্টের নির্দেশের এরিয়ার। যদিও আইনজীবী মহলের মতে, এটি মূলত আদালতের নির্দেশ পালন করতেই বকেয়া ডিএ মেটানোর পদক্ষেপ।