ভাইরাল খবর
সাইকেল ফেরত না দেওয়ায় গণপিটুনি, মৃত যুবক, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য
ডিজিটাল ডেস্কঃ সাইকেল নিয়ে বিবাদ। তার জেরে প্রাণ গেল রঞ্জিত মণ্ডল (৩৫) নামে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সোনারপুর থানার (Sonarpur Police Station) শীতলা অঞ্চলে, সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় এক তৃণমূল (TMC) পঞ্চায়েত সদস্য-সহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই গ্রেফতার (Arrested) করা হয়েছে পঞ্চায়েত সদস্য নারায়ণ রায়কে।
বুধবার সন্ধ্যেয় সন্তোষ জানা নামে এক দোকানদার অভিযোগ করেন, রঞ্জিত ওষুধ আনার অজুহাতে তাঁর সাইকেল চেয়ে নিয়ে যান। প্রায় দুই ঘণ্টা পর রঞ্জিত ফেরেন, তবে সাইকেলটি ফেরত দেননি।
সন্তোষ জানান, তিনি রঞ্জিতকে সাইকেল বিষয়ে জিজ্ঞাসা করলে রঞ্জিত তা অস্বীকার করেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ (Abusive Language) শুরু করেন। তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য নারায়ণ রায়। এরপর বিবাদ চরমে ওঠে।
অভিযোগ, পরে রঞ্জিত মণ্ডলকে বেধড়ক মারধর (Beaten Up) করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতাল এবং পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার তদন্তে নেমে পুলিশ (Police) তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তরা এখনও পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এই ঘটনার পর সোনারপুর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
সিপিএমের (CPIM) আইনজীবী নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, সোনারপুরের বিধায়কের ছত্রছায়ায় পঞ্চায়েত সদস্যরা ক্ষমতার অপব্যবহার করছেন। তাঁর দাবি, শুধু এক জন নয়, আরও অনেকে এই গণপিটুনিতে জড়িত। পুলিশকে সক্রিয় ভূমিকা নিতে হবে।
অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব জানায়, আইন নিজের পথে চলবে। তৃণমূলের সোনারপুর ২ পঞ্চায়েতের প্রধান রবীন সর্দার বলেন, “একটি মারপিটের ঘটনা ঘটেছে। পরে একজন মারা গেছেন। আমাদের এক পঞ্চায়েত সদস্য ধৃত। তবে আইন যা বলবে, তাই হবে।”
ধৃত পঞ্চায়েত সদস্যকে যখন পুলিশ নিয়ে যায়, তখন তিনি অভিযোগ সম্পর্কে কিছু বলেননি।


