ভাইরাল খবর
রায়গঞ্জে বিজেপি কর্মীর দোকান ভাঙচুর, অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে
ডিজিটাল ডেস্কঃ রাতের অন্ধকারে দোকানে হামলার অভিযোগে ফের উত্তপ্ত হল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। অভিযোগ, বিজেপি কর্মী হওয়ার ‘অপরাধে’ এক দোকানি ও তাঁর পরিবারকে লক্ষ্য করে চলল রাজনৈতিক প্রতিহিংসার খেল। অভিযুক্ত হিসেবে উঠে এসেছে স্থানীয় তৃণমূল নেতার নাম। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত উদয়পুর এলাকায়, গার্লস স্কুলের সামনে। অভিযোগ, ওই এলাকার বাসিন্দা রাজেশ সরকার (Rajesh Sarkar) দীর্ঘদিন ধরেই ব্যবসা করেন। পাশাপাশি তিনি বিজেপির সক্রিয় কর্মী হিসেবেও পরিচিত। তাঁর দাবি, শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে তৃণমূল কংগ্রেসের স্থানীয় অঞ্চল সভাপতি বাবাই নন্দী (Babai Nandi) বারবার তাঁকে হুমকি দিচ্ছিলেন। সম্প্রতি দোকানের সামনে বিজেপির পতাকা টাঙানোতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
রাজেশবাবুর অভিযোগ, রবিবার গভীর রাতে তাঁর দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। তিনি ও তাঁর বাবা রতন সরকার জানিয়েছেন, রাজনৈতিক পরিচয়ের জেরেই এই আক্রমণ। তারা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন।
অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি বাবাই নন্দী। তাঁর দাবি, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপি মিথ্যা নাটক সাজিয়ে আমাদের নামে কালিমালিপ্ত করতে চাইছে।”
ঘটনার খবর পেয়ে কর্নজোড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এলাকা ঘুরে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই হামলার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে বিরোধী দলের কর্মীদের ভয় দেখাতে চাইছে।”
তবে সাধারণ মানুষের প্রশ্ন, ভোটের মুখে কি এভাবেই চলবে রাজনৈতিক প্রতিহিংসা ও হুমকির রাজনীতি? তদন্তে উঠে আসবে প্রকৃত তথ্য—এমনটাই আশায় এলাকাবাসী।
