ভাইরাল খবর
যুজবেন্দ্র চাহাল ও আরজে মাহভাশ: সম্পর্কের ইঙ্গিত দিলেন চাহাল? ‘গোটা ভারত জানে’ মন্তব্যে তুঙ্গে জল্পনা
‘গোটা ভারত তো জেনে গিয়েছে’: মাহভাশের সঙ্গে সম্পর্কের জল্পনায় মুখ খুললেন যুজবেন্দ্র চাহাল!
ডিভোর্সের পর কয়েক মাস কেটেছে। এবার ব্যক্তিগত জীবনে নতুন মোড় নিতে চলেছেন কি যুজবেন্দ্র চাহাল? এক কমেডি শো-তে এসে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ভারতের তারকা স্পিনার। প্রশ্ন ছিল সোজা — “আপনি কি কারও সঙ্গে সম্পর্কে রয়েছেন?” উত্তরে চাহাল হেসে বলেন, “সেটা তো গোটা ভারত জানে!”
চাহালের এই জবাবের পরই জল্পনা আরও জোরালো হয়েছে — তবে কি আরজে মাহভাশের সঙ্গেই নতুন সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন তিনি?
চাহালের ব্যক্তিগত জীবন গত কয়েক মাস ধরে রয়েছে শিরোনামে। আইপিএলের ঠিক আগেই ধনশ্রী বর্মার সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের আগেই মাহভাশকে একাধিকবার দেখা গিয়েছে চাহালের পাশে — কখনও বড়দিনে, কখনও স্টেডিয়ামে, আবার কখনও চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচে।
সোশ্যাল মিডিয়াতেও মাহভাশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যক্তিগত দুঃসময়ে তাঁর পাশে থেকে একপ্রকার ‘ছায়াসঙ্গী’র ভূমিকায় ছিলেন মাহভাশ।
চাহালের উত্তরের পর অনুষ্ঠানেই ঋষভ পন্থ রসিকতা করে বলেন, “এখন তো চাহাল একেবারে ফ্রি।” এই কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই জল্পনা তুঙ্গে পৌঁছেছে।
যদিও সম্পর্কের বিষয়ে সরাসরি কোনও ঘোষণা এখনও করেননি চাহাল বা মাহভাশ, তবে তাঁদের ঘনিষ্ঠতা ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অনেকেই বলছেন— “এবার বুঝি অপেক্ষা শুধুই অফিশিয়াল ঘোষণার।”
