রাজনীতি
রাজ্য বিধানসভায় তুমুল উত্তেজনা, ৪ বিজেপি বিধায়ক সাসপেন্ড, টেনে হিঁচড়ে বের করল মার্শাল
ডিজিটাল ডেস্কঃ রাজ্য বিধানসভায় সোমবার ফের উত্তাল পরিস্থিতি। চার বিজেপি (BJP) বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। স্পিকারের নির্দেশের পরও বিধানসভা ছাড়তে অস্বীকার করেন ওই বিধায়করা। শেষ পর্যন্ত মার্শালদের দিয়ে তাঁদের টেনে হিঁচড়ে বিধানসভা থেকে বার করে দেওয়া হয়। বিধানসভা চত্বরে রীতিমতো ধস্তাধস্তির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার। সেদিন বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনার সময় নিজেদের বক্তব্য পেশ করার পর বিজেপি বিধায়করা সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান। শাসকদলের বক্তব্য না শোনার অভিযোগে সমস্ত বিজেপি বিধায়কের বক্তব্য বিধানসভার রেকর্ড থেকে বাদ দেন স্পিকার। সোমবার অধিবেশন শুরু হতেই এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হন বিজেপির অশোক লাহিড়ি (Ashok Lahiri)। তিনি জানতে চান কেন তাঁদের বক্তব্য বাদ দেওয়া হল।
আরও পড়ুনঃ বিধানসভায় অসুস্থ তৃণমূল বিধায়ক, তৎপরতায় নওসাদ সিদ্দিকি ও ডা. অজয় পোদ্দার
এই প্রশ্নের উত্তরে স্পিকারের ব্যাখ্যা পেয়ে শংকর ঘোষ (Shankar Ghosh), অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), মনোজ ওঁরাও (Manoj Oraon)-সহ বিজেপি বিধায়কেরা তীব্র প্রতিবাদে ফেটে পড়েন। বিধানসভায় শ্লোগান দিতে শুরু করেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে স্পিকার চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করেন। স্পিকারের নির্দেশে বিধানসভা ত্যাগের কথা বলা হলেও, সরে যেতে অস্বীকার করেন বিজেপি বিধায়করা। বাধ্য হয়ে বিধানসভার মার্শালরা এসে তাঁদের জোর করে বার করে দেন।
বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ অভিযোগ করেন, “আমাদের ওপর মার্শাল দিয়ে আক্রমণ করা হয়েছে। প্রবীণ বিধায়করা পর্যন্ত মার খেয়েছেন। আমার চশমা ভেঙে গিয়েছে। তৃণমূলের (TMC) এই অত্যাচারের শেষ দেখে ছাড়ব।”
এই ঘটনার পরে রাজ্য রাজনীতিতে ফের শাসক-বিরোধী সংঘাত চরমে উঠেছে। বিধানসভা চত্বরে আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর।
