ভাইরাল খবর
তৃণমূলেই কি বিশ্বাসঘাতক? ভাইরাল অডিয়োর পেছনে নিজের লোকের হাত?
ডিজিটাল ডেস্কঃ ভাইরাল অডিয়ো ক্লিপ—আর তাতে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কণ্ঠস্বর বলে দাবি! অডিয়োর বক্তব্য ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। অনুব্রত নিজেও প্রকাশ্যে এসে ক্ষমা চেয়ে প্রশ্ন তুলেছেন, “এই অডিয়ো ফাঁস করল কে?” তৃণমূলের অন্দরেই এখন জোর গুঞ্জন—এই ‘মুখ খুলেছে’ দলেরই কেউ।
এই বিতর্কের মাঝেই মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সোজাসাপটা দাবি, “এই রেকর্ডিং ফাঁসের নেপথ্যে রয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ (Kajal Sheikh)।” শুভেন্দুর কথায়, “অভিযুক্তের কণ্ঠস্বর রেকর্ড করে সেটি পাঠানো হয় কাজল শেখকে। আর তিনিই সেটি বাইরে ছড়িয়েছেন।”
আরও পড়ুনঃ বর্ধমানের কন্যা দেবদত্তার অসাধারণ জয়, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রশংসায় ভাসালেন
এই বিস্ফোরক অভিযোগ শুনে ক্ষুব্ধ কাজল শেখ। তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, “আমি এই ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হব। শুভেন্দুবাবু কীভাবে এমন মন্তব্য করতে পারেন, যখন কোনও তথ্যই তাঁর কাছে নেই?”
তাঁর দাবি, দল এই বিষয়ে নজর রাখছে এবং বিচ্যুতি হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সঙ্গে তাঁর বার্তা, “একজন নেতার কথায় তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলার মেয়েদের সঙ্গে আছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে যুবসমাজ আমাদের পাশেই রয়েছে। ২০২৬-এ বিজেপিকে (BJP) বাংলা থেকে মুছে দেব।”
তবে এই অডিয়ো কে রেকর্ড করল, কার মাধ্যমে তা ফাঁস হল, কিংবা এই ‘চেনা কণ্ঠস্বর’-এর রহস্য—সবটাই এখন রাজনৈতিক নাটকের মোড় নিয়েছে। তদন্ত না হলে উত্তর মিলবে না।
