অপারেশন সিঁদুর
মালয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে অভিষেক, বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা
ডিজিটাল ডেস্কঃ সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ভারতের অবস্থান আন্তর্জাতিক মহলে তুলে ধরতেই মালয়েশিয়া পৌঁছেছেন সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল। রবিবার (১ জুন) কুয়ালালামপুরে পৌঁছেই ভারতের হাই কমিশনে যান তাঁরা। ভারতীয় হাই কমিশনার বিএন রেড্ডি (BN Reddy) তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান।
এই প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), বিজেপির অপরাজিতা সারঙ্গি (Aparajita Sarangi), ব্রিজলাল (Brijlal), প্রদন বরুয়া (Pradan Barua), হেমাং জোশি (Hemang Joshi), সিপিআই (এম)-এর জন ব্রিটাস (John Brittas), কংগ্রেসের সলমন খুরশিদ (Salman Khurshid) এবং মোহন কুমার (Mohan Kumar)। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা (Sanjay Kumar Jha)।
High Commissioner Shri B.N. Reddy @BN_Reddy_8888 briefed the All-Party Delegation led by Hon’ble MP Shri. Sanjay Kumar Jha, setting the context for engagements in Malaysia to convey India’s resolve in fighting terrorism
#OpSindoor #NeverForgetNeverForgive #IndiaAgainstTerror… pic.twitter.com/vqxpwZ2cwT— India in Malaysia (@hcikl) June 1, 2025
জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ায় কূটনৈতিক কর্মসূচি সেরে মালয়েশিয়ায় পা রেখেছেন তাঁরা। এখানকার মন্ত্রী, সংসদ সদস্য, গবেষণা প্রতিষ্ঠান (থিঙ্ক ট্যাঙ্ক), শিক্ষাবিদ, সংবাদমাধ্যম এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করবেন তাঁরা।
মূলত পাকিস্তানের মদতে চলা সন্ত্রাসবাদ এবং ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপটে ভারতের শক্ত অবস্থানকে বিশ্বের সামনে তুলে ধরাই তাঁদের লক্ষ্য।
জাকার্তায় এক আলোচনাসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি বিরোধী দলের সাংসদ হলেও পরিষ্কার বলছি, সন্ত্রাস ও আলোচনার পথ একসঙ্গে চলতে পারে না। পাকিস্তানের সঙ্গে বহুবার আলোচনা হয়েছে, কিন্তু জঙ্গি মদত বন্ধ হয়নি। তাই এখন সময় স্পষ্ট বার্তা দেওয়ার।”
কাশ্মীর প্রসঙ্গে অভিষেক জানান, “যাঁরা ভারতে বেড়াতে আসেন, তাঁদের বলব সাত দিনের সফরে আরও তিন দিন যোগ করুন, পরিবার নিয়ে কাশ্মীর ঘুরে আসুন। কাশ্মীরের বিকাশের চিত্র বিশ্বের সামনে তুলে ধরুন।”
ভারতের এই সর্বদলীয় প্রতিনিধিদল মালয়েশিয়াতেও একই বার্তা ছড়িয়ে দিতে সচেষ্ট—যে, সন্ত্রাসের বিরুদ্ধে ভারত একজোট এবং সদা প্রস্তুত।
