ধর্ম
রামমন্দিরে হামলার হুমকি, তামিলনাড়ু থেকে ইমেল পেয়ে চাঞ্চল্য অযোধ্যায়
ডিজিটাল ডেস্কঃ অযোধ্যার রামমন্দিরে ভয়াবহ হামলার হুমকির ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়াল সোমবার। শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অফিসিয়াল ইমেল আইডিতে একটি উসকানিমূলক বার্তা আসে, যাতে রামমন্দিরে ‘গুরুতর হামলা’ চালানোর হুঁশিয়ারি দেওয়া হয়। তামিলনাড়ু থেকে ইমেলটি পাঠানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে অযোধ্যা জেলা পুলিশ।
ইমেল আসার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে মন্দির প্রাঙ্গণে। যদিও এখনও পর্যন্ত রামমন্দির কর্তৃপক্ষ এ নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, রামমন্দিরের নিরাপত্তা বরাবরই সর্বোচ্চ গুরুত্ব পায়। গত ২২ জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার পর বিশেষ প্রশিক্ষিত বাহিনীর হাতে তুলে দেওয়া হয় মন্দিরের নিরাপত্তা। এই বাহিনীতে উত্তরপ্রদেশ পুলিশের বাছাই করা ২০০ অফিসার এবং জওয়ান রয়েছেন। কেন্দ্রীয় বাহিনী এনএসজি-র (ন্যাশনাল সিকিউরিটি গার্ড) তত্ত্বাবধানে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ সুবিচার চেয়ে ধর্মতলা থেকে বাসে করে দিল্লি রওনা ৬০ ‘যোগ্য’ চাকরিহারাদের
উল্লেখযোগ্যভাবে, ২০০৫ সালের ৫ জুলাই পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লশকর-ই-তৈয়বার আত্মঘাতী ফিদায়েঁ বাহিনী অযোধ্যার রামমন্দিরে হামলা চালায়। সেই ঘটনার পর থেকেই নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। বিশেষ বাহিনীকে ‘আরবান ওয়ারফেয়ার’, তল্লাশি অভিযান ও পণবন্দি উদ্ধারের মতো জটিল অপারেশনের জন্য প্রশিক্ষিত করা হয়েছে।
এনএসজি-র ‘ব্ল্যাক ক্যাট’ কমান্ডোদের ধাঁচে তৈরি এই বাহিনীর পোশাকও একই রকম। হরিয়ানার মানেসরে প্রশিক্ষণ নিয়েছেন এই সদস্যরা। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকলেও, তদন্ত ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।
