দেশের খবর
মুর্শিদাবাদে জেএমবি-র নতুন ষড়যন্ত্র, চলছে কড়া নজরদারি
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন (জেএমবি)। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, সংগঠনটির এক শীর্ষ নেতা শিগগিরই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের পরিকল্পনা করছে। তার উদ্দেশ্য হলো মুর্শিদাবাদ জেলার কয়েকটি জায়গায় স্লিপার সেল সদস্যদের সঙ্গে গোপন বৈঠক করা এবং নতুন সদস্য সংগ্রহের জন্য মগজধোলাই চালানো।
বিশেষ সূত্রের বরাত দিয়ে গোয়েন্দারা জানিয়েছেন, এই জঙ্গি নেতা ছদ্মনামে কাজ করছে এবং ইতোমধ্যে সীমান্ত পার হওয়ার বিভিন্ন উপায় খুঁজে বের করছে। ভারতের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), পুরো এলাকায় কঠোর নজরদারি চালাচ্ছে যাতে সে কোনোভাবে প্রবেশ করতে না পারে।
আরও পড়ুনঃ আরজি কর মামলা কেস ডায়েরি তলব হাইকোর্টের
এদিকে, গোয়েন্দাদের তথ্য অনুসারে, জেএমবি সদস্যরা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আড়ালে তরুণদের উগ্রপন্থায় উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। মুর্শিদাবাদের তিনটি অঞ্চলে সক্রিয় স্লিপার সেলগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু ছাত্রকে টার্গেট করেছে, যাদের মধ্যে কয়েকজনকে বাংলাদেশে নিয়ে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার ছক কষা হয়েছে।
ইতোমধ্যে রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি শুরু করেছে। বিভিন্ন স্থানে চলছে তল্লাশি ও সন্দেহভাজনদের ওপর কড়া নজরদারি। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোও বিষয়টি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে।
