রাজনীতি
টেসলা গাড়িতে হামলা, অভিযুক্তদের ২০ বছরের কারাদণ্ডের হুঁশিয়ারি ট্রাম্পের
ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি আমেরিকার বিভিন্ন রাজ্যে টেসলা গাড়ি ও শোরুমের উপর একাধিক হামলার ঘটনা সামনে এসেছে। লাস ভেগাস, নর্থ ক্যারোলিনা, কানসাস সিটি ও মিসৌরির মতো জায়গায় ইলন মাস্কের সংস্থার ইলেকট্রিক ভেহিকেল (EV)-এর উপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। কোথাও টেসলা শোরুম ভাঙচুর করা হয়েছে, আবার কোথাও গাড়ির ওপর মলোটভ ককটেল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
এই হামলার ঘটনার পর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, যারা এই হামলার সঙ্গে যুক্ত, তাদের ২০ বছরের কারাদণ্ড হতে পারে। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি স্পষ্ট জানান, টেসলার উপর এই ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।
আরও পড়ুনঃ নতুন পুরপ্রধান পেল পানিহাটি পুরসভা, কাকে বসানো হল দায়িত্বে?
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং যদি প্রমাণ পাওয়া যায় যে কেউ এই হামলার পেছনে আর্থিক মদত দিয়েছে, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্প প্রশাসন এই ঘটনার নিন্দা করে একে ‘ডোমেস্টিক টেরোরিজম’ বলে আখ্যা দিয়েছে। ট্রাম্পের দাবি, বামপন্থী গোষ্ঠীগুলোর ইন্ধনেই এই আক্রমণ হচ্ছে। ইলন মাস্কও এই ঘটনাগুলিকে ‘সংগঠিত হামলা’ বলে বর্ণনা করেছেন।
উল্লেখ্য, ট্রাম্পের দ্বিতীয় দফার প্রশাসনে ইলন মাস্ক সরাসরি যুক্ত রয়েছেন। তিনি ডিপার্টমেন্ট অফ গভর্মেন্ট এফিসিয়েন্সি (DOGE)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, যার কাজ হলো সরকারি ব্যয় হ্রাস ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা। এই পদ তৈরির পর থেকে একাংশের মধ্যে অসন্তোষ দেখা গেছে, যা টেসলার উপর হামলার অন্যতম কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
