দেশের খবর
এইচডিএফসিতে চেয়ারম্যানের ইস্তফা! একদিনেই উবে গেল ১ লক্ষ কোটি
ডিজিটাল ডেস্কঃ দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি-র (HDFC Bank) অন্দরে বড়সড় ডামাডোল। বুধবার রাতে ব্যাঙ্কের পার্ট-টাইম চেয়ারম্যান অতনু চক্রবর্তীর (Atanu Chakraborty) আকস্মিক ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই বৃহস্পতিবার শেয়ার বাজারে বড়সড় ধস নামে। জানা গিয়েছে, ‘নৈতিকতা ও মূল্যবোধ’ (Ethics and Values) সংক্রান্ত মতপার্থক্যের জেরেই এই বাঙালি ব্যাঙ্কার পদত্যাগ করেছেন।
এই খবর বাজার খোলার পরই বিনিয়োগকারীদের আস্থা (Confidence) নাড়িয়ে দেয়। বৃহস্পতিবার ব্যাঙ্কের শেয়ার প্রায় ৮ শতাংশ পড়ে গিয়ে ৫২ সপ্তাহের সর্বনিম্ন ৭৭২ টাকায় নেমে আসে (BSE)। এর ফলে একদিনেই ব্যাঙ্কের বাজার মূলধন (Market Capitalization) প্রায় ১ লক্ষ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ১১.৮৮ লক্ষ কোটি টাকায়।
এই পতনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদেশি বিনিয়োগকারী বা এফআইআই (FII) গোষ্ঠী, যাদের ক্ষতির পরিমাণ প্রায় ৪৫,০৭২ কোটি টাকা। পিছিয়ে নেই রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি-ও (LIC), তাদের প্রায় ৪,৫১০ কোটি টাকা লোকসান হয়েছে। এছাড়া মিউচুয়াল ফান্ড ও সাধারণ খুচরো বিনিয়োগকারীদের (Retail Investors) পকেট থেকেও কয়েক হাজার কোটি টাকা উধাও হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাঙ্কের অন্তর্বর্তী চেয়ারম্যান কেকি মিস্ত্রি জানিয়েছেন, এটি কোনো ক্ষমতার লড়াই (Power Struggle) নয়, বরং ব্যক্তিগত সমস্যা হতে পারে। অন্যদিকে, রিজার্ভ ব্যাঙ্ক (RBI) আশ্বস্ত করেছে যে, ব্যাঙ্কের তারল্য (Liquidity) ও আর্থিক স্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তবে বাজার বিশেষজ্ঞরা (Market Experts) নতুন করে বিনিয়োগের ক্ষেত্রে বর্তমানে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। এইচডিএফসি-র মতো শক্তিশালী ব্যাঙ্কের এই অস্থিরতা ভারতীয় অর্থনীতিতে বড়সড় বার্তা দিল।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। বিনিয়োগ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অনুগ্রহ করে স্বীকৃত বিশেষজ্ঞের পরামর্শ নিন)।


