উত্তর দিনাজপুর
তৃণমূল ও বিজেপি কর্মীর বাড়ীতে বোমা মারার অভিযোগ। একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়
নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ৮ এপ্রিল : একই রাতে তৃণমূল ও বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইটাহারে। জানা যায়, ইটাহার থানার দূর্গাপুর অঞ্চলের বাগানবাড়ি এলাকায় দূর্গাপুর অঞ্চল নেতৃত্ব পলাশ রায়ের বাড়িতে গভীর রাতে বিজেপি আশ্রিত দুস্কৃতিরা ২ টি বোমা মারে বলে অভিযোগ।
রাতেই খবর ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনার সাথে যুক্ত বিজেপি কর্মীদের গ্রেফতারের দাবিতে ইটাহার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। ইটাহার বিধানসভার বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডুর নেতৃত্বে বিজেপির দুস্কৃতিরা পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়ে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা পলাশ রায়। পরবর্তীতে পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় তৃণমূল কর্মীরা। যদিও অভিযোগ সম্পূর্ণরুপে অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারার ঘটনায় বুধবার রাতে উত্তেজনা ছড়ালো ইটাহার থানার রাধানগর গ্রামে। জানা যায়, এদিন রাতে ইটাহার থানার কাঁপাশিয়া অঞ্চলের রাধানগর গ্রামে বিজেপি কর্মী ডাবলু সিং এর বাড়িতে তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা বোমা মারে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। ঘটনার জেরে ওই বিজেপি কর্মীর বাড়ির ব্যপক ক্ষয় ক্ষতি হয়েছে। এরপর বৃহস্পতিবার সকালে ঘটনার পরিপ্রেক্ষিতে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় দোষীদের গ্রেফতারের দাবিতে। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ।
