রাজ্যের খবর
শিক্ষকদের জন্য সুখবর! ফের চালু উৎসশ্রী পোর্টাল, শুরু বদলি আবেদন প্রক্রিয়া
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রাথমিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য অবশেষে এক বড় স্বস্তির খবর নিয়ে এলো স্কুলশিক্ষা দপ্তর (School Education Department)। দীর্ঘদিনের স্থগিতাদেশ কাটিয়ে ১ জুলাই, বুধবার থেকেই পুনরায় সচল হচ্ছে অনলাইন বদলি সংক্রান্ত সরকারি পোর্টাল ‘উৎসশ্রী’ (Utsashree Portal)। এর ফলে এখন থেকে শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা সাধারণ বদলি (General Transfer)-সহ সব ধরনের বদলির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
নবান্ন সূত্রে খবর, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের গতি সচল রাখতে এবং আইনি ও প্রশাসনিক জটিলতা (Administrative Complications) এড়াতে এই পোর্টালের মাধ্যমে সাধারণ বদলি সাময়িকভাবে স্থগিত (Suspended) করা হয়েছিল। পরবর্তীতে দফায় দফায় সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে গত ৩০ জুন পর্যন্ত করা হয়। তবে বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া একটি স্থিতিশীল পর্যায়ে আসায় পূর্ববর্তী সমস্ত নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার (Withdrawal) করে নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯৭৩ সালের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা আইনের ১০৭ নম্বর ধারা এবং ‘ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রুলস, ২০১৫’ মেনেই এই সম্পূর্ণ বদলি প্রক্রিয়াটি সম্পন্ন হবে। যোগ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত (Government Aided) স্কুলের কর্মীরাই এই পোর্টালে আবেদনের সুযোগ পাবেন।
সম্প্রতি এই বিষয়ে স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন জানান, গ্রাম ও শহরাঞ্চলের স্কুলগুলির মধ্যে ছাত্র-শিক্ষক অনুপাতে যে মারাত্মক অসামঞ্জস্য (Imbalance) রয়েছে, তা অতি দ্রুত দূর করা হবে। এদিকে দীর্ঘদিন পর সাধারণ বদলি চালু করার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ‘শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ’। তবে বদলি প্রক্রিয়ায় যাতে কোনোভাবেই দুর্নীতিকে (Corruption) প্রশ্রয় না দেওয়া হয় এবং সমস্ত শূন্যপদ দ্রুত পূরণ করা হয়, সেই দাবিও জানিয়েছেন শিক্ষক সংগঠনটির সাধারণ সম্পাদক কিংকর অধিকারী। দীর্ঘদিন পর এই অচলাবস্থা কাটায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া শিক্ষক মহলে।
