ভাইরাল খবর
প্রখ্যাত আইনজীবী ফিরোজ এডুলজির প্রয়াণ! আরজি কর-বগটুই মামলায় করেছিলেন সওয়াল
ডিজিটাল ডেস্কঃ প্রয়াত হলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বর্ষীয়ান আইনজীবী ফিরোজ এডুলজি (Firoze Edulji)। সোমবার দুপুরে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে যকৃতের (Liver) সমস্যাসহ একাধিক বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন এই তুখোড় ক্রিমিনাল আইনজীবী (Criminal Lawyer)।
১৯৯৭ সাল থেকে কলকাতা হাই কোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন ফিরোজ এডুলজি। ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটির (National Law School of India University) প্রাক্তনী এই আইনজীবী একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সওয়াল করে আলোচনায় এসেছিলেন।
কামদুনি (Kamduni) গণধর্ষণ মামলায় তাঁর আইনি লড়াইয়ের ফলেই মামলা বারাসাত আদালত থেকে কলকাতার নগর দায়রা আদালতে স্থানান্তরিত হয়। বগটুই (Bogtui) হত্যাকাণ্ড মামলায় তাঁর সওয়ালের পরই তদন্তভার সিবিআইয়ের (CBI) হাতে তুলে দেয় হাইকোর্ট। সম্প্রতি আরজি কর (RG Kar) ধর্ষণ মামলায় নির্যাতিতা পরিবারের হয়ে আদালতে সরব হয়েছিলেন তিনি এবং বিচার চেয়ে সুপ্রিম কোর্টেও (Supreme Court) গিয়েছিলেন।
শুধু আদালত নয়, সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রেও সক্রিয় ছিলেন ফিরোজ এডুলজি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদের (VHP) দক্ষিণবঙ্গের সহ-সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি।


