ভাইরাল খবর
দীর্ঘ ৯ বছরের দায়িত্ব পালনের পর ইতি! রাজনৈতিক পালাবদলের আবহেই পদত্যাগ লীনা গঙ্গোপাধ্যায়ের
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজ্য মহিলা কমিশনের (State Women’s Commission) চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিলেন প্রখ্যাত চিত্রনাট্যকার ও লেখক লীনা গঙ্গোপাধ্যায়। একটানা ৯ বছর এই সাম্মানিক দায়িত্ব সামলানোর পর, রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের আবহে তাঁর এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আগামী জুলাই মাসে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, তার আগেই তিনি পদত্যাগ করলেন।
লীনা গঙ্গোপাধ্যায়ের ইস্তফার নেপথ্যে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি টলিউডের অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুও একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে। গত মার্চ মাসে ওড়িশার তালসারিতে শুটিং চলাকালীন রাহুল সমুদ্রে তলিয়ে গেলে, তাঁর মৃত্যু নিয়ে বিতর্কের কেন্দ্রে চলে আসে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা (Production House) ‘ম্যাজিক মোমেন্টস’। শিল্পী ও কলাকুশলীদের একাংশ তাঁর বিরুদ্ধে সরব হন এবং মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন। রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওড়িশা পুলিশ লীনা গঙ্গোপাধ্যায় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা (Case) রুজু করেছে।
যদিও ব্যক্তিগতভাবে লীনা জানিয়েছেন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে তিনি মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত। এছাড়া রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের নতুন সরকারে নারী ও শিশুবিকাশ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল। সব মিলিয়ে এক জটিল পরিস্থিতিতে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। যদিও তাঁর ইস্তফাপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তিনি জানিয়েছেন, জুন মাসে শহরের বাইরে থাকায় এই পদ থেকে সরে আসাই সমীচীন মনে করেছেন। দীর্ঘ ৯ বছরের কর্মজীবনের ইতি টেনে তিনি আপাতত ব্যক্তিগত ও আইনি বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে চান বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। ভবিষ্যতে ফের টেলিভিশনের দুনিয়ায় (Television Industry) তাঁকে দেখা যাবে কিনা, সে বিষয়ে তিনি কোনো নিশ্চিত মন্তব্য করেননি।


