ভাইরাল খবর
‘আপনি কুত্তার চেয়ারম্যান!’ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ তৃণমূল কাউন্সিলরের
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর এবার প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের (TMC) অভ্যন্তরীণ দ্বন্দ্ব। উত্তর কলকাতার (North Kolkata) তৃণমূল সংগঠনের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ (WhatsApp) গ্রুপে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay) এবং কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তীব্র বাকযুদ্ধ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
বিতর্কের সূত্রপাত হয় ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে। তিনি গ্রুপে লেখেন, “আপনি উত্তর কলকাতার অঘোষিত সম্রাট। এবার পদ ছাড়ুন।” পাশাপাশি অভিযোগ তোলেন, দলের কর্মীদের দুঃসময়ে পাশে পাওয়া যায় না সুদীপ বন্দ্যোপাধ্যায়কে।
এর পালটা দিতে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় লেখেন, “হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার। জবাব দিও না, আমি দিয়ে দেব।” দলেরই এক কাউন্সিলরকে ‘কুত্তা’ বলার অভিযোগ ঘিরে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পালটা জবাবে সুব্রত বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় লেখেন, “দলের কাউন্সিলরকে যে কুত্তা বলে, সে ভুলে যাচ্ছে সে কুত্তার চেয়ারম্যান।”
এই ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে কালীঘাট (Kalighat) শিবির। রাজনৈতিক মহলের মতে, উত্তর কলকাতায় তৃণমূলের সাম্প্রতিক ভরাডুবির পর থেকেই ক্ষোভ জমছিল। এবার তা প্রকাশ্যে বিস্ফোরিত হল।
সম্প্রতি বিধানসভায় (Assembly) বিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ পদে দক্ষিণ কলকাতার নেতাদের প্রাধান্য এবং নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি লিডার (Deputy Leader) করা নিয়েও দলের একাংশে অসন্তোষ তৈরি হয়েছে। কর্মীদের অভিযোগ, উত্তর কলকাতার সংগঠনকে বঞ্চিত করা হচ্ছে।
একসময় উত্তর কলকাতার সাতটি আসনই তৃণমূলের দখলে থাকলেও এবার একাধিক কেন্দ্রে ভরাডুবি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই গোষ্ঠীদ্বন্দ্ব আগামী দিনে তৃণমূলের সংগঠনের উপর বড় প্রভাব ফেলতে পারে।
