রাজনীতি
টেনিস, রাহুল ও মমতার পর এবার মোদী! আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
ডিজিটাল ডেস্কঃ টেনিস কোর্টে তাঁর ব্যাকহ্যান্ড বা ভলি একসময় বিশ্বকে মন্ত্রমুগ্ধ করত। এবার রাজনীতির আঙিনায় সেই একই ক্ষিপ্রতায় পক্ষবদল করলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। মঙ্গলবার দুপুরে দিল্লির বিজেপি সদর দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে ‘পদ্ম’ পতাকা হাতে তুলে নিলেন এই কিংবদন্তি টেনিস তারকা। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে এই মেগা জয়েনিং (Mega Joining) সম্পন্ন হয়।
মঙ্গলবার লিয়েন্ডারকে গেরুয়া উত্তরীয় পরে হাসিমুখে দেখা গেলেও, এই দলবদলের নকশা তৈরি হয়েছিল অন্তত এক সপ্তাহ আগে। গত মঙ্গলবার কলকাতার নিউ টাউনের একটি বিলাসবহুল হোটেলে বিজেপির সর্বভারতীয় নেতা নিতিন নবীনের সঙ্গে লিয়েন্ডারের দীর্ঘ বৈঠক (Meeting) হয়। এছাড়া সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও তাঁর আলোচনার খবর পাওয়া গিয়েছে। প্রায় আট মাসের প্রস্তুতির পর অবশেষে এই যোগদান নিশ্চিত হলো।
লিয়েন্ডারের এটিই প্রথম রাজনৈতিক পদক্ষেপ নয়। এর আগে ২০২১ সালে গোয়া নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে (TMC) যোগ দিয়েছিলেন। তবে সেখানে তাঁকে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি। এবার বিজেপিতে যোগ দিয়ে লিয়েন্ডার জানান, নরেন্দ্র মোদী এবং কিরেন রিজিজু তাঁকে অনুপ্রাণিত করেছেন। তাঁর কথায়, “গত ৪০ বছর দেশের হয়ে টেনিস খেলেছি, এবার অন্যভাবে দেশের সেবা করার সুযোগ (Opportunity) পেলাম।”
রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) লিয়েন্ডারের বিশ্বব্যাপী ভাবমূর্তিকে (Global Image) কাজে লাগিয়ে বিজেপি বিশেষত যুব ও ক্রীড়ামোদীদের মধ্যে নিজেদের জনভিত্তি মজবুত করতে চাইছে। নির্বাচনে তিনি প্রার্থী হবেন কি না তা স্পষ্ট না হলেও, মনে করা হচ্ছে ২০৩৬ সালের অলিম্পিক (Olympics 2036) আয়োজনের লক্ষ্যে গঠিত ‘মিশন অলিম্পিক’-এর কোনো শীর্ষ পদে (Top Position) তাঁকে দেখা যেতে পারে। লিয়েন্ডারের আগমনে বাংলাতেও বিজেপি শক্তিশালী হবে বলে আশাবাদী সুকান্ত মজুমদার।


