বিনোদন
পপ কালচারে আধ্যাত্মিকতার জয়, গ্র্যামি পেলেন দলাই লামা
ডিজিটাল ডেস্কঃ আধ্যাত্মিক জগতের অন্যতম প্রতীক দলাই লামার (Dalai Lama) জীবনে যুক্ত হল আরও এক ঐতিহাসিক অধ্যায়। ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস (Grammy Awards 2026)-এ তিনি জিতে নিলেন Best Audiobook, Narration and Storytelling Recording বিভাগে সম্মান। রবিবার, ১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসের (Los Angeles) অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা হয়।
৯০ বছর বয়সে এসে এমন আন্তর্জাতিক সঙ্গীত স্বীকৃতি নিঃসন্দেহে বিরল। এই বিভাগে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন গ্র্যামির সঞ্চালক ট্রেভর নোয়া (Trevor Noah), মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি কেটানজি ব্রাউন জ্যাকসন (Ketanji Brown Jackson) এবং মিলি ভানিলির ফ্যাব মরভ্যান (Fab Morvan)। সকলকে পিছনে ফেলে সেরার শিরোপা ছিনিয়ে নেন দলাই লামা।
পুরস্কারটি দেওয়া হয় তাঁর স্পোকেন-ওয়ার্ড মেডিটেশন অ্যালবাম Meditations: The Reflections of His Holiness the Dalai Lama-এর জন্য। এই অ্যালবামে শান্তির বাণীর সঙ্গে মিশে রয়েছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের (Hindustani Classical Music) সুর। করুণা, আত্মঅনুসন্ধান ও মানসিক ভারসাম্যের বার্তাই এর মূল উপজীব্য।
দলাই লামা অনুষ্ঠানে উপস্থিত না থাকায় তাঁর হয়ে মঞ্চে ট্রফি গ্রহণ করেন গায়ক-গীতিকার রুফাস ওয়েনরাইট (Rufus Wainwright)। তিনি জানান, এই প্রকল্পে কাজ করতে পারা তাঁর কাছে এক বিরাট সম্মান। আধ্যাত্মিকতার কণ্ঠ এভাবেই মূলধারার (mainstream) পপ কালচারে জায়গা করে নিল।
