ভাইরাল খবর
নিজের বাসভবনেই আক্রান্ত মুখ্যমন্ত্রী! জনশুনানিতে চড় মারার অভিযোগ
ডিজিটাল ডেস্কঃ চাঞ্চল্য ছড়াল রাজধানী দিল্লিতে। নিজ বাসভবনেই আক্রান্ত হলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta)। বুধবার সকালে ‘জনশুনানি’ চলাকালীনই ঘটে যায় এই অভাবনীয় ঘটনা। অভিযোগ, এক ব্যক্তি সরাসরি গিয়ে মুখ্যমন্ত্রীকে চড় মারেন এবং চুল টেনে ধরেন। ঘটনায় স্তব্ধ হয়ে যান উপস্থিত সকলে।
জানা গিয়েছে, নিয়মিতভাবেই মুখ্যমন্ত্রী নিজের বাসভবনে সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা শোনেন। সেদিনও সকাল থেকে সেই প্রক্রিয়া চলছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীও অভিযোগ জানাতে এসেছিলেন। কথোপকথনের মাঝেই আচমকা তিনি মুখ্যমন্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়েন। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। অভিযুক্তের নাম রাজেশ ভাই খিমজি (Rajesh Bhai Khimji) বলে জানা গেছে।
ঘটনার পরপরই অসুস্থ হয়ে পড়ায় মুখ্যমন্ত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। এদিকে, এই হামলার ঘটনায় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিজেপি নেতা হরিশ খুরানা (Harish Khurana) বলেন, “এটা নিন্দনীয়। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে কি না, তা খতিয়ে দেখা দরকার।” দিল্লির মন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা (Manjinder Singh Sirsa) একই সুরে জানান, “এটি নিছক ব্যক্তিগত আক্রমণ নয়, এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে।”
কংগ্রেসও ঘটনার তীব্র নিন্দা করেছে। পাশাপাশি তারা প্রশ্ন তুলেছে দিল্লির নারী নিরাপত্তা নিয়ে। কংগ্রেসের বক্তব্য, “যদি একজন মহিলা মুখ্যমন্ত্রী নিজ বাসভবনে সুরক্ষিত না হন, তবে রাজধানীতে সাধারণ মহিলাদের নিরাপত্তা কোথায়?”
পুলিশ ইতিমধ্যেই জনশুনানিতে উপস্থিত প্রত্যেককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। হামলাকারী একা এসেছিলেন, না কি কারও উসকানিতে এই ঘটনা ঘটিয়েছেন— তা জানার চেষ্টা চলছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।


