ভাইরাল খবর
বন্ধ হলো বাড়ি বাড়ি স্মার্ট মিটার লাগানো। নোটিস জারি করল বিদ্যুৎ দফতর
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে স্মার্ট মিটার নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষের প্রেক্ষিতে অবশেষে বড় সিদ্ধান্ত নিল রাজ্য বিদ্যুৎ দফতর। আপাতত গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার বসানোর কাজ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ জারি করল বিদ্যুৎ দফতর। সোমবার (Monday) সন্ধ্যায় বিদ্যুৎ দফতর (Power Department) থেকে আনুষ্ঠানিক নোটিস প্রকাশ করে জানানো হয়, পরীক্ষামূলকভাবে বিভিন্ন বাড়িতে স্মার্ট মিটার বসানো হচ্ছিল, কিন্তু সম্প্রতি একাধিক অভিযোগ আসায় আপাতত গৃহস্থদের বাড়িতে এই প্রকল্প স্থগিত রাখা হচ্ছে।
বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে স্মার্ট মিটার (Smart Meter) ঘিরে ক্ষোভ তৈরি হচ্ছিল। অভিযোগ, বাড়ির মালিকের অনুমতি না নিয়ে জোর করে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে এবং তার পর থেকেই বিদ্যুৎ বিল অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। সোমবারই (Monday) হুগলি (Hooghly) জেলার রবীন্দ্রনগর কালীতলা (Rabindranagar Kalitala) এলাকার একদল বাসিন্দা স্মার্ট মিটারের অস্বাভাবিক বিলের প্রতিবাদে বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভ দেখান। স্থানীয়দের দাবি, জোর করে তাঁদের বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হয়েছিল এবং তারপর থেকেই বিদ্যুৎ বিল কয়েক গুণ বেড়ে গিয়েছে।
আরও পড়ুনঃ গগনযাত্রায় বাধা, ২৪ ঘণ্টা পিছোল শুভাংশুর মহাকাশ অভিযান
এমনই অভিযোগ তুলেছিলেন হুগলির (Hooghly) ব্যান্ডেল (Bandel) এলাকার এক পরিবারও। তাঁদের এক মাসের বিদ্যুৎ বিল এসেছিল প্রায় ১২ হাজার টাকা, যা সম্পূর্ণ অস্বাভাবিক বলে দাবি পরিবারের। এই ধরনের একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করায় শেষপর্যন্ত সিদ্ধান্তে বদল আনল বিদ্যুৎ দফতর।
বিদ্যুৎ দফতর সূত্রে খবর, গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যেই প্রায় ১ লক্ষ ৬০ হাজার স্মার্ট মিটার বসানো হয়েছে। এর মধ্যে প্রায় ৬৫ শতাংশ স্মার্ট মিটার বসানো হয়েছিল গৃহস্থ বাড়িতে এবং বাকি ৩৫ শতাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠানে। তবে এখন থেকে স্মার্ট মিটার বসানোর কাজ শুধুমাত্র সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেই সীমাবদ্ধ থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিদ্যুৎ দফতর।
পরিস্থিতি খতিয়ে দেখে ভবিষ্যতে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে আপাতত রাজ্যের গৃহস্থদের স্বস্তি মিলল স্মার্ট মিটার বিতর্ক থেকে।
