উত্তর দিনাজপুর
রায়গঞ্জে বড়সড় মাদকবিরোধী অভিযান! কাশীবাটি মোড় থেকে ধরা পড়ল দুই পাচারকারী, উদ্ধার ব্রাউন সুগার ও নগদ টাকা
ডিজিটাল ডেস্কঃ রায়গঞ্জে পুলিশের জালে ধরা পড়ল দুই মাদক পাচারকারী। শনিবার রাতে শহর সংলগ্ন কাশীবাটি স্কুল মোড় (Kashibati School More) এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫৫ গ্রাম ব্রাউন সুগার (Brown Sugar)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শাহজাহান আলি (Shahjahan Ali), রাড়িয়া গ্রামের বাসিন্দা এবং মানিক মহম্মদ (Manik Mohammad), যিনি কাঁচিমুহা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছে পাওয়া গেছে মাদকের পাশাপাশি নগদ ৮০,৮৮০ টাকা, একটি ছোট মাপযন্ত্র (Weighing Machine), একটি মোবাইল ফোন এবং একটি স্কুটি, যা মাদক পাচারের কাজে ব্যবহার করা হতো বলে অনুমান করছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদক কারবারের অভিযোগ উঠছিল। এদিন রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ কাশীবাটি স্কুল মোড়ে ফাঁদ পেতে অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদকচক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা চলছে।
এদিকে স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্য সুব্রত সোম (Subrata Som) বলেন, ‘‘পুলিশের তৎপরতায় বহিরাগত দুই ব্যক্তি মাদক-সহ ধরা পড়েছে। কাশীবাটি ও আশপাশের এলাকায় যাতে এই ধরনের নেশার ব্যবসা আর না হয়, তার জন্য আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’’
রায়গঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার তাঁদের আদালতে তোলা হবে। তদন্তকারীরা মনে করছেন, এই চক্রের সঙ্গে আরও বড় মাদক নেটওয়ার্ক যুক্ত থাকতে পারে। সেই দিকেই এখন তদন্ত চালানো হচ্ছে।