খেলার খবর
সূর্যকুমারের মন্তব্যে আইসিসির তদন্ত, পাকিস্তানের অভিযোগ ঘিরে বিতর্ক তুঙ্গে
ডিজিটাল ডেস্কঃ এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে জয়ের স্বাদে আত্মবিশ্বাসে টগবগ করছিল ভারতীয় দল (Team India)। তবে সেই জয়ের রেশে এখন নয়া বিতর্ক—বিশেষত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)-এর ম্যাচ-পরবর্তী মন্তব্য ঘিরে। তাঁর কিছু বক্তব্যকে কেন্দ্র করে কড়া অভিযোগ এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB), আর সেই অভিযোগ খতিয়ে দেখে তদন্তে নামার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)।
গত ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচের শেষে প্রেজেন্টেশন মঞ্চে সূর্য বলেন, “পহেলগামে (Pahalgam) সন্ত্রাসবাদী হামলায় নিহতদের পরিবারের পাশে রয়েছি আমরা। ভারতীয় সেনাদের (Indian Army) সাহসিকতাকে স্যালুট জানাই। এই জয় তাঁদেরই উৎসর্গ করছি।”
এরপর প্রেস কনফারেন্সে সূর্য জানান, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ম্যাচ শেষে দল হাত মেলায়নি, কারণ সরকার এবং বিসিসিআই (BCCI)-এর তরফে স্পষ্ট বার্তা ছিল—দূরত্ব বজায় রাখার।
এই মন্তব্যগুলিকে ঘিরেই পিসিবির দাবি—এটি ক্রিকেটের নিরপেক্ষতাকে (Neutrality) আঘাত করেছে। খেলার মধ্যে রাজনীতি টেনে আনা হয়েছে।
‘দৈনিক জাগরণ’-এর প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন (Richie Richardson) বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ভারতীয় টিম ম্যানেজমেন্টকে (Team Management) ই-মেল করেছেন। তিনি দুইটি আলাদা রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন—প্রেজেন্টেশন এবং প্রেস কনফারেন্সের ভিডিও ও বক্তব্য বিশ্লেষণের জন্য।
রিচার্ডসনের ভাষায়:
“আমি সমস্ত রিপোর্ট ও প্রমাণ খতিয়ে দেখে সিদ্ধান্তে পৌঁছেছি যে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) জবাবদিহি করতে হবে। তাঁর মন্তব্য ক্রিকেটকে বিতর্কিত করেছে এবং স্পোর্টসম্যানশিপের পরিপন্থী।”
এখন সূর্যকুমারের সামনে দুটি পথ:
১. হয় তিনি অভিযোগ মেনে নিয়ে শাস্তি (Sanction) স্বীকার করবেন।
২. নয়তো শুনানিতে (Hearing) হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন করবেন। শুনানিতে থাকবেন ম্যাচ রেফারি, বিসিসিআই ও পিসিবির প্রতিনিধি, এবং সূর্য নিজে।
উল্লেখ্য, আইসিসির কোড অফ কন্ডাক্টে (ICC Code of Conduct) স্পষ্টভাবে বলা আছে—আন্তর্জাতিক ম্যাচে রাজনৈতিক মন্তব্য একেবারেই নিষিদ্ধ।
অন্যদিকে, ভারতও চুপ নেই। সম্প্রতি বিসিসিআই অভিযোগ জানিয়েছে—পাক ক্রিকেটার হারিস রউফ (Haris Rauf) ও সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) ম্যাচের সময় উস্কানিমূলক ও আপত্তিকর ভঙ্গি করেছিলেন। কখনও বিমান ভেঙে পড়ার ইঙ্গিত, কখনও বন্দুক চালানোর আনন্দ উদযাপন—এসব নিয়েও তদন্তের দাবি জানানো হয়েছে।
এই আবহে টিম ইন্ডিয়া প্রায় নিশ্চিতভাবে ফাইনালে (Final) উঠলেও, অধিনায়ককে ঘিরে তদন্ত নতুন চাপ তৈরি করছে। শাস্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে তা হতে পারে কড়া সতর্কবার্তা (Warning) থেকে শুরু করে ম্যাচ নিষেধাজ্ঞা (Match Ban) পর্যন্ত।


