দেশের খবর
৩ হাজার কোটির অনুদান তছরুপের মামলা সুপ্রিম কোর্টে! সোমবার শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে
ডিজিটাল ডেস্কঃ অযোধ্যার (Ayodhya) রামমন্দিরের (Ram Mandir) অনুদান তহবিল (Donation Fund) সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ এবার দেশের সর্বোচ্চ আদালতের (Supreme Court) বিচারাধীন। এই মামলায় নিরপেক্ষ তদন্তের স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)-এর হাতে তদন্তভার তুলে দেওয়ার দাবিতে দায়ের হওয়া তিনটি পৃথক আবেদনের শুনানি আগামী ১৩ জুলাই অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি (Chief Justice) সূর্যকান্তের নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চে মামলাগুলির শুনানি হওয়ার কথা।
অভিযোগ, রামমন্দিরের অনুদান তহবিল থেকে প্রায় ৩,০০০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে প্রশ্নের মুখে পড়েছে শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট (Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust)-এর ভূমিকা। ঘটনার তদন্তে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল (SIT)-গঠন করেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে আটজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ট্রাস্টের সদ্য পদত্যাগী প্রধান চম্পত রাইকেও (Champat Rai) জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।
সুপ্রিম কোর্টে দায়ের হওয়া আবেদনগুলিতে চারটি গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে। প্রথমত, এসআইটির পরিবর্তে সিবিআই-এর মাধ্যমে নিরপেক্ষ তদন্ত। দ্বিতীয়ত, ট্রাস্টের সমস্ত আর্থিক লেনদেনের ক্যাগ (CAG) অডিট। তৃতীয়ত, আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ ফরেন্সিক অডিট (Forensic Audit)। চতুর্থত, ব্যাঙ্ক (Bank), ইউপিআই (UPI) এবং অন্যান্য ডিজিটাল (Digital) লেনদেনের সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ, যাতে কোনও প্রমাণ নষ্ট না হয়।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও তীব্র হয়েছে। বিরোধী দলগুলি এই অভিযোগকে কেন্দ্র করে সরকারকে নিশানা করছে। অন্যদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) বিবৃতিতে জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে বিষয়টি নিয়ে এমনভাবে প্রচার করা উচিত নয় যাতে কোটি কোটি ভক্তের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে (Dattatreya Hosabale) তদন্ত প্রক্রিয়ার উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বিরোধীদের পাল্টা আক্রমণ করে দাবি করেছেন, একটি অভিযোগকে রাজনৈতিকভাবে ব্যবহার করে অযোধ্যার ক্রমবর্ধমান গুরুত্বকে খাটো করার চেষ্টা চলছে। এখন ১৩ জুলাইয়ের সুপ্রিম কোর্টের শুনানির দিকেই নজর রাজনৈতিক মহল ও দেশবাসীর।
