ভাইরাল খবর
স্বাস্থ্যভবনে মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট! কন্ট্রোল রুম থেকে সরকারি হাসপাতালে লাইভ নজরদারি
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের সরকারি হাসপাতালগুলির (Government Hospital) পরিষেবার মান আরও উন্নত করতে বড় পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার স্বাস্থ্যভবনে (Swasthya Bhavan) আচমকা পরিদর্শনে গিয়ে নবগঠিত কন্ট্রোল রুম (Control Room) ঘুরে দেখেন তিনি। এরপর জানান, স্বাস্থ্যভবন থেকেই রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে লাইভ মনিটরিং (Live Monitoring) চালানো হবে, যাতে রোগী পরিষেবা (Patient Care), পরিচ্ছন্নতা (Cleanliness) এবং সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার উপর সরাসরি নজর রাখা যায়।
মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে ১৫-১৬টি স্টেট হাসপাতালে এই ব্যবস্থা চালু হয়েছে। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সমস্ত মহকুমা (Sub-Divisional) হাসপাতালকে এই নজরদারির আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। পরে ধাপে ধাপে জেলা হাসপাতাল ও অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানও যুক্ত হবে।
এই মনিটরিং ব্যবস্থার আওতায় জরুরি বিভাগ (Emergency), হাসপাতালের রান্নাঘর (Kitchen), পার্কিং এলাকা (Parking Area), ন্যায্যমূল্যের ওষুধের দোকানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবার উপর নজরদারি করা হবে। তবে রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা (Privacy) সম্পূর্ণভাবে রক্ষা করা হবে বলেও স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
দালালচক্র (Broker Network) রুখতেই এই উদ্যোগ বলে জানান তিনি। তাঁর দাবি, কোনও ব্যক্তি যদি অকারণে পরপর কয়েকদিন হাসপাতালে ঘোরাফেরা করেন, তাহলে সহজেই তাঁকে শনাক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও কাজের পরিবেশ উন্নত করার উপরও জোর দেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, রোগীদের খাবারের মান উন্নত করতে বরাদ্দ অর্থ ৫৪ টাকা থেকে ১১০ টাকা করা হয়েছে। পাশাপাশি নিউ টাউনে ২,০০০ শয্যার (Bed) একটি নতুন হাসপাতাল নির্মাণের কাজ চলছে, যার মধ্যে ১,০০০টি শয্যা দরিদ্র মানুষের জন্য সংরক্ষিত থাকবে। এসএসকেএম হাসপাতালেও পুজোর আগে অতিরিক্ত শয্যা ও আইসিইউ (ICU) বেড বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
