রাজনীতি
বিজেপি ক্ষমতায় এলে সাংবাদিকদের মাসে ৫০০০ টাকা ভাতা! প্রেস ক্লাবে বড় ঘোষণা শমীকের
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রাক্কালে বাংলার সংবাদমাধ্যমের কর্মীদের জন্য এক বড়সড় সামাজিক সুরক্ষার (Social Security) প্রতিশ্রুতি দিল বিজেপি। শনিবার কলকাতার প্রেস ক্লাবে দাঁড়িয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) ঘোষণা করেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সকল যোগ্য সাংবাদিকদের জন্য মাসিক ৫ হাজার টাকা ভাতার (Monthly Stipend) ব্যবস্থা করা হবে।
বিজেপির দাবি, বর্তমান সরকারের আমলে সুযোগ-সুবিধা কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে, যা সাংবাদিক মহলে ‘আমরা-ওরা’ বিভাজন স্পষ্ট করেছে। শমীক ভট্টাচার্য বলেন, “বহু সাংবাদিক অত্যন্ত প্রতিকূল পরিস্থিতি ও আর্থিক অনটনের (Financial Crisis) মধ্যে কাজ করছেন। বিজেপি ক্ষমতায় এলে কোনো পক্ষপাতিত্ব ছাড়াই যোগ্য সংবাদকর্মীদের এই ভাতা প্রদান করা হবে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাসকদলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা হিসেবে বিজেপি যেমন ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড এনেছে, তেমনই এই ঘোষণার মাধ্যমে সচেতন ও বুদ্ধিজীবী মহলের (Intellectual Class) সমর্থন আদায়ের কৌশল নিয়েছে গেরুয়া শিবির।
উল্লেখ্য, ভারতের হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ ও অসমে সাংবাদিকদের জন্য পেনশন (Pension) বা মাসিক ভাতার ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে। হরিয়ানায় সাংবাদিকদের মাসিক ১০ হাজার টাকা পেনশন দেওয়া হয়। এ দিন বর্তমান সরকারকে কটাক্ষ করে শমীক ভট্টাচার্য বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কেবল তৃণমূলের সরকার চালিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার গড়তে পারেননি।” সাংবাদিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং তাঁদের সামগ্রিক উন্নয়নই বিজেপির লক্ষ্য বলে তিনি জানান। ভোটের মুখে এই ঘোষণা সংবাদমাধ্যম মহলে (Media Circles) ব্যাপক চর্চার জন্ম দিয়েছে।


