জ্বালানি সংকট রুখতে কেন্দ্রের মাস্টারপ্ল্যান! এবার পেট্রোল পাম্পেই মিলবে কেরোসিন
Connect with us

দেশের খবর

জ্বালানি সংকট রুখতে কেন্দ্রের মাস্টারপ্ল্যান! এবার পেট্রোল পাম্পেই মিলবে কেরোসিন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিম এশিয়ার (West Asia) উত্তপ্ত পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতা তৈরি হয়েছে। এই আবহে ভারতে রান্নার গ্যাস বা এলপিজির (LPG) সম্ভাব্য সংকট এড়াতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। ইরান ও ইজরায়েলের সংঘাতের প্রভাবে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য এবার সরাসরি পেট্রোল পাম্প (Petrol Pump) থেকেই কেরোসিন সরবরাহের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।

কেন্দ্রের সাম্প্রতিক গেজেট নোটিফিকেশন (Gazette Notification) অনুযায়ী, আগামী ৬০ দিনের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ সুবিধা মিলবে। ১৯৩৪ ও ২০০২ সালের পেট্রোলিয়াম আইনের (Petroleum Act) বিশেষ ধারা প্রয়োগ করে লাইসেন্স সংক্রান্ত কঠোর নিয়মে কিছুটা শিথিলতা আনা হয়েছে। এখন থেকে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি তাদের রিটেল চ্যানেলের মাধ্যমে সরাসরি কেরোসিন (Kerosene) বণ্টন করতে পারবে। প্রতিটি পেট্রোল পাম্পে সর্বোচ্চ ২,৫০০ লিটার পর্যন্ত কেরোসিন মজুত রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে স্পষ্ট জানানো হয়েছে, এই কেরোসিন শুধুমাত্র রান্না ও আলো জ্বালানোর কাজে ব্যবহার করা যাবে।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সাথে সামঞ্জস্য রাখতে প্রতি ১৫ দিন অন্তর পেট্রোল-ডিজেলের দাম খতিয়ে দেখার পরিকল্পনা করছে কেন্দ্র। সাধারণ মানুষকে বড় ধাক্কা থেকে বাঁচাতে ইতিমধেই জ্বালানিতে লিটার প্রতি প্রায় ১০ টাকা শুল্ক (Excise Duty) কমানো হয়েছে। ভারতের জন্য বড় স্বস্তির খবর হলো, প্রায় ৯৪ হাজার টন এলপিজি নিয়ে ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজ— বিডব্লিউ টায়ার এবং বিডব্লিউ এলম— অত্যন্ত নিরাপদে হরমুজ প্রণালী (Strait of Hormuz) পার করে মুম্বই ও নিউ মাঙ্গালোর বন্দরের পথে রয়েছে। সব মিলিয়ে অভ্যন্তরীণ বাজারে বিকল্প জ্বালানির জোগান ও আমদানি স্বাভাবিক রেখে দেশের জ্বালানি নিরাপত্তা (Fuel Security) সুনিশ্চিত করতে বহুমুখী পরিকল্পনা কার্যকর করছে মোদি সরকার।

Advertisement
ads