ভাইরাল খবর
উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক! বিজেপিকে রুখতে ঝোড়ো প্রচার কৌশল তৃণমূলের
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) মহারণ শুরু হতে আর মাত্র মাসখানেক বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ। আর এই মহাযুদ্ধের আগে প্রতিপক্ষ বিজেপি-কে (BJP) ধরাশায়ী করতে ‘জোড়া ফুলের’র রণকৌশল নিল শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। সূত্রের খবর, রাজ্যের দুই প্রান্ত থেকে একযোগে প্রচারে ঝাঁপাতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরের (Bhawanipur) চেতলায় কর্মিসভার মাধ্যমে প্রচারের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। এরপরই তিনি পাড়ি দেবেন উত্তরবঙ্গে। আগামী মঙ্গলবার, ২৪ মার্চ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা (Public Meeting) করবেন তিনি। একই দিনে মাটিগাড়া ও ময়নাগুড়িতেও তাঁর সভা করার কথা রয়েছে। রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গের ‘পদ্ম-গড়’ পুনরুদ্ধার করতেই নেত্রী নিজে সেখানে বাড়তি গুরুত্ব দিচ্ছেন।
অন্যদিকে, নেত্রী যখন উত্তরে ব্যস্ত থাকবেন, তখন দক্ষিণবঙ্গের হাল ধরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে প্রচার শুরু করবেন তিনি। পরের দিন, অর্থাৎ ২৫ মার্চ তাঁর গন্তব্য মেদিনীপুর। দাসপুর, কেশিয়াড়ি ও নারায়ণগড়ে জনসভা সেরে তিনি পৌঁছবেন হাই-ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram)। সেখানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে বিশেষ কর্মিসভা করবেন তিনি।
তৃণমূল সূত্রের খবর, মার্চ মাস জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর ও দক্ষিণ মিলিয়ে একাধিক জেলায় জোরদার জনসংযোগ (Public Outreach) ও রোড শো করবেন। বিশেষত ২৬, ২৮ ও ৩১ মার্চ উত্তরবঙ্গের ন’টি বিধানসভা কেন্দ্রে (Constituencies) তাঁর ম্যারাথন কর্মসূচি রয়েছে। সব মিলিয়ে, নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই আক্রমণাত্মক মেজাজে ময়দান কাঁপাচ্ছেন শাসকদলের এই দুই শীর্ষ নেতৃত্ব।
