ভাইরাল খবর
মাঝরাতে কাউন্সিলরের বাড়িতে মাতাল মহিলার হামলা, সিসিটিভিতে ধরা পড়ল কাণ্ড! ৩ জনকে আটক করল পুলিশ
ডিজিটাল ডেস্কঃ বরানগরে চাঞ্চল্যকর ঘটনা। মাঝরাতে স্থানীয় কাউন্সিলরের (Councillor) বাড়িতে হামলা চালালেন এক মহিলা। অভিযোগ, মদ্যপ অবস্থায় হাতে বাঁশ নিয়ে কাউন্সিলরের জানলার কাঁচ ভেঙে দেন ওই মহিলা। হঠাৎ পরিস্থিতি সামলাতে না পেরে তিনি ড্রেনে পড়েও যান। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
ঘটনা বরানগর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের। এখানেই থাকেন কাউন্সিলর অঞ্জন পাল (Anjan Pal)। তাঁর পরিবারের তরফে দাবি করা হয়েছে, ওই মহিলা গভীর রাতে তাঁদের বাড়ির দরজা ও জানলায় বারবার আঘাত করতে থাকেন। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়, তাতে পুরো ঘটনাই ধরা পড়েছে।
কাউন্সিলরের কথায়, ‘‘১৪ আগস্ট রাতেই এই ঘটনা ঘটেছে। পরে জানতে পেরেছি, প্রিয়াঙ্কা দাস (Priyanka Das) নামে ২৬ বছরের এক তরুণী এই কাজ করেছে। সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যায়, মাতাল অবস্থায় ওরকম আচরণ করেছে। কিছুক্ষণের মধ্যেই আরও দু’জন মহিলা সেখানে হাজির হয় এবং তাঁকে সরানোর চেষ্টা করে। তখনই পুলিশে খবর যায়।’’
অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি বরানগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কাউন্সিলরের দাবি, পুলিশ ভ্যান পৌঁছনোর আগেই স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরে তিন মহিলাকেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।
তবে কেন আচমকা কাউন্সিলরের বাড়িতে হামলার চেষ্টা করা হল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ জানাচ্ছে, বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, ব্যক্তিগত শত্রুতা অথবা অন্য কোনও উদ্দেশ্য থাকতে পারে। পুরো ঘটনার তদন্তে নামানো হয়েছে বরানগর থানার বিশেষ টিম।


