দুর্ঘটনা
বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে নির্মাণস্থলে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
ডিজিটাল ডেস্কঃ আসানসোলের হিরাপুর থানার ৬০ ফুট রাস্তার কাছে নির্মীয়মাণ একটি বাড়ির আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে নেমে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু হল দুই নির্মাণকর্মীর। সোমবার সকালে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরনো বাড়ি ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণের কাজ চলছিল। সকাল ৯টা নাগাদ দুই শ্রমিক রিজার্ভারের ভিতরে কাজ করতে নামেন। কিছুক্ষণের মধ্যেই তারা সংজ্ঞাহীন হয়ে পড়েন। দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়া না পেয়ে সহকর্মীরা উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে।
আরও পড়ুনঃ চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যু! শোরগোল রায়গঞ্জে
দমকলকর্মীরা এসে দেখেন, রিজার্ভারের ভিতরে বিষাক্ত গ্যাসের উপস্থিতি রয়েছে। সুরক্ষার জন্য বাইরে থেকে জল ঢেলে রিজার্ভারটি ভরানো হয়। জল বেড়ে উঠলে দুই শ্রমিক ভেসে ওঠেন, এবং তাদের উদ্ধার করা হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
দমকল বিভাগ জানায়, নির্মাণস্থলে কাজের আগে সুরক্ষা ব্যবস্থা নেওয়ার বিষয়ে বারবার সতর্ক করা হলেও, শ্রমিকদের জীবনের ঝুঁকি নেওয়া বন্ধ হচ্ছে না। অতীতেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু সচেতনতা এখনো আসেনি। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। নির্মাণকর্মীদের নিরাপত্তা কেন অবহেলিত হচ্ছে, সেই প্রশ্ন উঠছে সর্বত্র।
