উত্তর দিনাজপুর
উত্তর দিনাজপুর জেলায় ৪ নয়া প্রকল্পে ছাড়পত্র রেলের
ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুর জেলার চিরচেনা যানজট (Traffic Congestion) সমস্যার স্থায়ী সমাধানে বড়সড় পদক্ষেপ নিল রেলমন্ত্রক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রায়গঞ্জ (Raiganj) শহরসহ জেলার বিভিন্ন প্রান্তে মোট চারটি রোড ওভারব্রিজ বা আরওবি (Road Overbridge) নির্মাণের জন্য টেন্ডার নোটিশ (Tender Notice) জারি করা হয়েছে। এই খবর সামনে আসতেই খুশির জোয়ার জেলাজুড়ে।
রেল সূত্রে খবর, এই চারটি বৃহৎ প্রকল্পের জন্য সর্বমোট ৩৮২ কোটি টাকারও বেশি অর্থ মঞ্জুর (Sanctioned) করা হয়েছে। এর মধ্যে রায়গঞ্জ থেকে বামনগ্রাম পর্যন্ত উড়ালপুল তৈরিতে ব্যয় হবে প্রায় ৮৩ কোটি টাকা। অন্যদিকে, কালিয়াগঞ্জ থেকে ডালিমগাঁ পর্যন্ত আরওবি-র জন্য বরাদ্দ হয়েছে ৯১ কোটি টাকা। ইসলামপুর (Islampur) মহকুমার গুঞ্জরিয়া থেকে আলুয়াবাড়ি পর্যন্ত দুটি গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তায় যথাক্রমে ১০০ কোটি ও ১০৮ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হবে।
রায়গঞ্জ শহরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত টোটো ও যানবাহনের চাপে কার্যত নাভিশ্বাস উঠছিল। রায়গঞ্জের সাংসদের দাবি মেনে রেল প্রকল্পে অনুমোদন কেন্দ্রের এতদিন জেলা প্রশাসনের এনওসি (NOC) সংক্রান্ত জটিলতায় কাজ আটকে থাকলেও, টেন্ডার (Tender) প্রক্রিয়া শুরু হওয়ায় সেই জট কেটেছে বলে মনে করা হচ্ছে।
শহরবাসী চঞ্চল নন্দী ও শোভন মৈত্ররা জানাচ্ছেন, “দীর্ঘদিন ধরে এই ফ্লাইওভারের (Flyover) দাবি জানিয়ে আসছিলাম আমরা। এবার হয়তো যাতায়াতে স্বস্তি ফিরবে।” রেলের এই গ্রিন সিগন্যাল (Green Signal) উত্তর দিনাজপুরের আর্থ-সামাজিক ও যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।


