ভাইরাল খবর
স্বাস্থ্যমন্ত্রীর ভিজিটের সময় ওয়ার্ডে বিড়ালের অবাধ যাতায়াত! ২৪ ঘণ্টার মধ্যেই ১২ জনকে শোকজ কর্তৃপক্ষের
ডিজিটাল ডেস্কঃ সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা (Healthcare Service) খতিয়ে দেখতে আচমকাই বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Barasat Medical College & Hospital) সারপ্রাইজ ভিজিট (Surprise Visit) করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়। পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড (Ward) ও বিভাগের একাধিক অব্যবস্থা তাঁর নজরে আসে। এমনকি হাসপাতালের বারান্দা ও ওয়ার্ডের মধ্যে বিড়ালের অবাধ যাতায়াতও দেখা যায়। এই ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দায়িত্বে গাফিলতির অভিযোগে ১২ জন কর্মীকে শোকজ (Show Cause Notice) করল হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মন্ত্রীর নির্দেশে একটি তদন্ত কমিটি (Investigation Committee) গঠন করা হয়। তদন্তে কর্তব্যে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজন ওয়ার্ড মাস্টার, চারজন নন-মেডিক্যাল সুপারভাইজার (Non-Medical Supervisor), প্রসূতি বিভাগের (Maternity Department) দুই সিস্টার-ইনচার্জ (Sister-in-Charge), একজন ইনফেকশন কন্ট্রোল ইনচার্জ (Infection Control In-Charge) এবং একজন ফ্যাসিলিটি কোয়ালিটি ম্যানেজারকে (Facility Quality Manager) শোকজ করা হয়েছে।
পরিদর্শনের সময় শুধু বিড়ালের অবাধ যাতায়াতই নয়, ওষুধ সংরক্ষণের জায়গায় ধুলোর স্তর, ভাঙাচোরা ছাদ, অপরিষ্কার ড্রেন (Drain) ও নোংরা শৌচাগারও মন্ত্রীর নজরে আসে। এছাড়া ছাদে উঠতে গিয়ে দীর্ঘক্ষণ চাবি না পাওয়ায় তাঁকে প্রায় ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষাও করতে হয়।
বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি (MSVP) অভিজিৎ সাহা জানান, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ মেনেই তদন্ত করা হয়েছে এবং তদন্তে উঠে আসা অভিযোগের ভিত্তিতেই সংশ্লিষ্ট ১২ জন কর্মীকে শোকজ করা হয়েছে। পাশাপাশি হাসপাতালের পরিকাঠামোগত (Infrastructure) ঘাটতির একটি বিস্তারিত তালিকা (Detailed Project Report) তৈরি করে স্বাস্থ্য দপ্তরে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা, নিরাপদ পরিবেশ এবং রোগী ও তাঁদের পরিজনদের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। হাসপাতাল প্রশাসনের দাবি, সেই নির্দেশ মেনেই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিষেবা ব্যবস্থার উন্নয়নে দ্রুত পদক্ষেপ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা ও রোগীর পরিজনেরাও আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগের ফলে হাসপাতালের পরিষেবা ও পরিবেশের উল্লেখযোগ্য উন্নতি হবে।
