ভাইরাল খবর
জঙ্গলমহলে মোদির মেগা রবিবার! একদিনে চার সভা করে আদিবাসী ভোটব্যাংকে নজর প্রধানমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) নির্ঘণ্ট বাজতেই বাংলার রাজনৈতিক পারদ এখন ঊর্ধ্বমুখী। আগামী ২৩শে এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ (Polling Process)। তার ঠিক কয়েকদিন আগে আদিবাসী (Tribal) ভোটব্যাংক নিশ্চিত করতে জঙ্গলমহলে ঝোড়ো প্রচার সারতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী ১৯শে এপ্রিল, রবিবার একদিনে রেকর্ড চারটি জনসভা (Public Meeting) করার পরিকল্পনা নিয়েছেন তিনি।
বিজেপি (BJP) সূত্রে খবর, শনিবার রাতেই অন্ডাল বিমানবন্দরে (Airport) নামবেন প্রধানমন্ত্রী এবং রাত্রিযাপন করবেন দুর্গাপুরে। রবিবারের কর্মসূচির শুরু হবে বাঁকুড়ার বড়জোড়া থেকে। এরপর বেলা ১২টা ৪৫ মিনিটে পুরুলিয়ার বলরামপুর এবং দুপুর ২টো ৪৫ মিনিটে ঝাড়গ্রামে প্রার্থীদের সমর্থনে গর্জে উঠবেন তিনি। দিনের শেষ সভাটি হবে মেদিনীপুরে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জঙ্গলমহলের আকাশপথে শুরু হয়েছে কড়া নজরদারি ও ড্রোন পর্যবেক্ষণ (Aerial Survey)। নিশ্ছিদ্র নিরাপত্তা (Security) নিশ্চিত করতে এসপিজি এবং স্থানীয় পুলিশ বাহিনীর হেলিকপ্টার ইতিমধ্যেই পরীক্ষামূলক ল্যান্ডিং বা ট্রায়াল রান সম্পন্ন করেছে।
ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ জানিয়েছেন, মোদির আগমন ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ (Enthusiasm) রয়েছে। মূলত জঙ্গলমহলের চারটি আসন— ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বিনপুর ও নয়াগ্রামের প্রার্থীদের মনোবল বাড়াতেই এই সফর। এর পাশাপাশি ২৩শে এপ্রিল প্রধানমন্ত্রীর হাওড়া বেলুড় মঠে যাওয়ার এবং শালকিয়ায় একটি রোড শো (Road Show) করার কথা রয়েছে। একই দিনে তিনি কৃষ্ণনগরেও নির্বাচনী সভা করবেন। বিরোধী শিবিরকে টেক্কা দিতে মোদি ম্যাজিককেই (Modi Magic) এখন তুরুপের তাস করছে গেরুয়া শিবির।


