লোকসভায় হট্টগোলের মাঝেই বিজেপি সাংসদের হাতে হেনস্থার অভিযোগ তৃণমূল সাংসদদের
Connect with us

রাজনীতি

লোকসভায় হট্টগোলের মাঝেই বিজেপি সাংসদের হাতে হেনস্থার অভিযোগ তৃণমূল সাংসদদের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ লোকসভায় ফের তীব্র উত্তেজনা। ১৩০তম সংবিধান সংশোধনী বিল (Constitution Amendment Bill) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করতেই শুরু হয় প্রবল হট্টগোল। সেই অরাজকতার আবহেই তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদদের হেনস্থার অভিযোগ উঠল বিজেপি সাংসদদের বিরুদ্ধে। অভিযোগ করেছেন আরামবাগের সাংসদ মিতালি বাগ (Mitali Bag) এবং বীরভূমের সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)।

লোকসভা কক্ষ থেকে বেরিয়ে মিতালি বাগ সরাসরি অভিযোগ তোলেন বিজেপি সাংসদ রভনীত সিং বিট্টু (Ravneet Singh Bittu) এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর (Kiren Rijiju) বিরুদ্ধে। তাঁর বক্তব্য, সংবিধান সংশোধনী বিলের বিরোধিতায় তৃণমূল সাংসদরা শান্তিপূর্ণভাবে স্লোগান তুলছিলেন। সেই সময় বিজেপি সাংসদরা হঠাৎ আসন ছেড়ে তাঁদের দিকে এগিয়ে এসে ধাক্কাধাক্কি শুরু করেন। মিতালির দাবি— “আমার সামনে থাকা এক সাংসদকে জোরে ধাক্কা দেওয়া হয়। আমি নিজেও এমনভাবে শারীরিকভাবে হেনস্থার শিকার হয়েছি, যা ভাষায় প্রকাশ করতে লজ্জা হচ্ছে।” শুধু তাই নয়, তাঁর পোশাক টেনে নেওয়ার অভিযোগও করেন তিনি।

মিতালির পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানান শতাব্দী রায়ও। তাঁর অভিযোগ, এই বিশৃঙ্খলার মধ্যেই তাঁকেও শারীরিকভাবে ধাক্কা দেওয়া হয়েছে। এদিন সংসদে কেন্দ্রশাসিত অঞ্চল সরকার (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১৩০তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু-কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল ২০২৫ পেশের সময় থেকেই উত্তেজনা তুঙ্গে ওঠে। বিরোধীদের বিক্ষোভ আটকাতে বিজেপি সাংসদরা এগিয়ে আসতেই তীব্র সংঘাত তৈরি হয়। সেই আবহেই তৃণমূলের মহিলা সাংসদদের হেনস্থার ঘটনা সামনে এল।

Advertisement
ads
Continue Reading
Advertisement