খেলার খবর
আইপিএল ইতিহাসে মহার্ঘ্যতম দল! ১৬,৭৩৯ কোটিতে বিক্রি হয়ে বিশ্বরেকর্ড গড়ল আরসিবি
ডিজিটাল ডেস্কঃ ১৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর আইপিএল (IPL) ট্রফি জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আর সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামী দল হিসেবে বিক্রি হয়ে বিশ্বরেকর্ড গড়ল বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজি। সরকারিভাবে জানানো হয়েছে, আদিত্য বিড়লা গ্রুপের (Aditya Birla Group) নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম (Consortium) ১.৭৮ বিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৭৩৯ কোটি টাকার বিনিময়ে আরসিবি-র মালিকানা হস্তগত করেছে।
এই মেগা চুক্তির (Mega Deal) ফলে ডিয়াজিও-র (Diageo) দীর্ঘ এক দশকের মালিকানা জমানার অবসান ঘটল। নতুন এই কনসোর্টিয়ামে আদিত্য বিড়লা গ্রুপ ছাড়াও রয়েছে ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ’, মার্কিন বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজারের ‘বোল্ট ভেঞ্চার্স’ এবং বিশ্বখ্যাত সংস্থা ‘ব্ল্যাকস্টোন’। নতুন কাঠামো অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজি চেয়ারম্যান (Chairman) হচ্ছেন আর্যমান বিক্রম বিড়লা, যিনি নিজে একজন প্রাক্তন ক্রিকেটার। অন্যদিকে ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন সত্যেন গজওয়ানি।
মালিকানা বদলের এই দৌড়ে রাজস্থান রয়্যালসকেও (RR) পিছনে ফেলে দিয়েছে আরসিবি। কয়েকদিন আগেই রাজস্থান ১.৬৩ বিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল, কিন্তু আরসিবি-র দর সেই রেকর্ডও ভেঙে দিয়েছে। কুমার মঙ্গলম বিড়লা জানিয়েছেন, আরসিবি এখন বিশ্বের অন্যতম শক্তিশালী স্পোর্টস ব্র্যান্ড (Sports Brand) এবং এই ঐতিহ্যকে তারা আরও উঁচুতে নিয়ে যেতে চান। শুধু পুরুষ দলই নয়, উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL) মহিলা দলটিও এখন বিড়লা গোষ্ঠীর অধীনে। আগামী ২৮ মার্চ চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নতুন মালিকানার অধীনেই ট্রফি রক্ষার অভিযানে নামবে চ্যাম্পিয়ন আরসিবি।


