ভাইরাল খবর
নীতিশ কুমার কি আজই ইস্তফা দিচ্ছেন? বিহারে পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা
ডিজিটাল ডেস্কঃ বিহারের রাজনীতিতে এক দীর্ঘ ও ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘটতে চলেছে। সূত্রের খবর, দীর্ঘ ১৯ বছরেরও বেশি সময় ধরে বিহারের মসনদ সামলানোর পর এবার মুখ্যমন্ত্রী পদ (Chief Minister Post) থেকে ইস্তফা দিতে চলেছেন নীতীশ কুমার (Nitish Kumar)। জেডিইউ প্রধান তথা বিহারের সবথেকে দীর্ঘ সময়ের এই মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ১০ বার শপথ নিয়ে রেকর্ড গড়েছেন। তবে সম্প্রতি তিনি রাজ্যসভার সাংসদ (Member of Parliament) হিসেবে নির্বাচিত হওয়ায় আইনি কারণে তাঁকে বিধান পরিষদের সদস্য (MLC) পদ ছাড়তে হচ্ছে। আজ সোমবারই তিনি তাঁর ইস্তফাপত্র জমা দিতে পারেন বলে জানা গিয়েছে।
সংবিধান (Constitution) অনুযায়ী, কোনো ব্যক্তি একই সঙ্গে সংসদ ও রাজ্য বিধানসভার সদস্য থাকতে পারেন না। গত ১৬ মার্চ নীতীশ কুমার রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন, যার ১৪ দিনের মধ্যে একটি পদ থেকে ইস্তফা দেওয়া বাধ্যতামূলক। যদিও নিয়ম অনুযায়ী তিনি আরও ছয় মাস সদস্য না থেকেও মুখ্যমন্ত্রী থাকতে পারেন, তবে রাজনৈতিক মহলে জল্পনা যে তিনি এবার স্থায়ীভাবেই মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়তে পারেন। নীতীশের এই সিদ্ধান্তে জেডিইউ-র (JDU) অন্দরেও অসন্তোষ তৈরি হয়েছে। দলের নেতা অনন্ত কুমার সিং জানিয়েছেন, অনেকেই চেয়েছিলেন নীতীশ বিহারের দায়িত্বেই থাকুন, কিন্তু তিনি আগেই নিজের মনস্থির করে নিয়েছিলেন।
এদিকে, আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর দাবি, বিজেপি (BJP) ষড়যন্ত্র করে নীতীশ কুমারকে রাজ্যসভায় পাঠিয়ে জেডিইউ-কে দুর্বল করতে চাইছে। তেজস্বীর মতে, নীতীশ নিজের ইচ্ছায় নয় বরং গেরুয়া শিবিরের চাপে এই সিদ্ধান্ত নিয়েছেন। নীতীশ কুমারের পর কে হবেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী, তা নিয়ে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, তাঁর পুত্র নিশান্ত কুমারকে উপমুখ্যমন্ত্রী (Deputy CM) হিসেবে সামনে এনে নতুন কোনো মুখকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এখন নীতীশের উত্তরসূরী (Successor) কে হন, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।


