দেশের খবর
ফাঁসির বদলে প্রাণঘাতী ইঞ্জেকশন? মৃত্যুদণ্ড নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
ডিজিটাল ডেস্কঃ মৃত্যুদণ্ড (Capital Punishment) কার্যকর করার ক্ষেত্রে ফাঁসির বদলে তুলনামূলক কম যন্ত্রণাদায়ক কোনও পদ্ধতি চালুর আবেদন আপাতত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই আবেদন খারিজ করেছে। তবে ভবিষ্যতে শক্তিশালী বৈজ্ঞানিক বা চিকিৎসাগত প্রমাণ সামনে এলে বিষয়টি পুনর্বিবেচনার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়নি আদালত।
আইনজীবী ঋষি মালহোত্রার (Rishi Malhotra) দায়ের করা জনস্বার্থ মামলায় ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইঞ্জেকশন (Lethal Injection), গুলি বা বিদ্যুৎস্পৃষ্ট করার মতো বিকল্প পদ্ধতির কথা বলা হয়েছিল। তাঁর যুক্তি ছিল, ফাঁসির পদ্ধতি যন্ত্রণাদায়ক এবং ব্যক্তির মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মামলায় ফৌজদারি কার্যবিধির ৩৫৪(৫) ধারার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছিল।
আবেদনকারীর দাবি ছিল, প্রাণঘাতী ইঞ্জেকশনের মতো বিকল্প পদ্ধতিতে তুলনামূলক কম সময়ে মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব। একইসঙ্গে আন্তর্জাতিক নীতি এবং আইন কমিশনের সুপারিশের কথাও আদালতের সামনে তুলে ধরা হয়। ২০২৬ সালের জানুয়ারিতে শুনানি শেষে বেঞ্চ রায় সংরক্ষণ করেছিল। সেই সময় কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি জানিয়েছিলেন, মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প পদ্ধতি নিয়ে বিষয়টি সরকারের সর্বোচ্চ স্তরে পর্যালোচনা করা হচ্ছে।
তবে বর্তমান রায়ে ফাঁসির প্রচলিত বিধানই বহাল থাকল। পাশাপাশি আদালত জানিয়েছে, ভবিষ্যতে নতুন এবং জোরালো বৈজ্ঞানিক, চিকিৎসাগত বা ব্যবহারিক তথ্য সামনে এলে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি নিয়ে সাংবিধানিক পর্যালোচনার দরজা খোলা থাকতে পারে। কেন্দ্র চাইলে বিশেষজ্ঞ কমিটি গঠন করে বিকল্প পদ্ধতিগুলিও খতিয়ে দেখতে পারে।
