রাজনীতি
চার সপ্তাহে নথি, তিন মাসে সিদ্ধান্ত! তৃণমূলের প্রতীক বিতর্কে বড় নির্দেশ শীর্ষ আদালতের
ডিজিটাল ডেস্কঃ জোড়াফুল (Flowers & Grass) প্রতীক আপাতত নেই। উপনির্বাচনে এক শিবিরের হাতে ফুটবল প্লেয়ার, অন্য শিবিরের হাতে খাম (Envelope)। এই পরিস্থিতিতে দলের নাম ও প্রতীকের ভবিষ্যৎ নিয়ে চলা বিতর্কে এবার সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
আজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) করা মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, সংশ্লিষ্ট সব পক্ষকে চার সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় নথি ও বক্তব্য নির্বাচন কমিশনের (Election Commission) কাছে জমা দিতে হবে। এরপর তিন মাসের মধ্যে কমিশনকে বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তি করতে হবে।
এর আগে ১৮ সেপ্টেম্বর কমিশন অন্তর্বর্তী সিদ্ধান্তে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়াফুল প্রতীক ফ্রিজ করে। উপনির্বাচনের জন্য মমতা-শিবিরকে ‘ফুটবল প্লেয়ার’ প্রতীক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-নেতৃত্বাধীন শিবিরকে ‘খাম’ প্রতীক দেওয়া হয়।
মমতা-শিবিরের হয়ে আইনজীবী কপিল সিব্বল দ্রুত নিষ্পত্তির আবেদন জানান। কমিশনের আইনজীবী ডিএস নাইডু জানান, এ ধরনের মামলায় অতীতে ছয় থেকে আট মাস পর্যন্ত সময় লেগেছে। নিচুতলার কর্মীদের বক্তব্য-সহ বিপুল নথি পরীক্ষা করতে হবে বলেও জানানো হয়।
তবে আদালত নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে। ফলে আপাতত পুরনো নাম ও প্রতীক ব্যবহারের সুযোগ নেই। কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের পরেই স্পষ্ট হবে, জোড়াফুল ও দলের নামের দাবিতে কোন পক্ষের অবস্থান কী হয়।
