বাংলাদেশ
উত্তাল বাংলাদেশে ইউনূসের বাড়িতে আগুন! সংঘর্ষে প্রাণহানি, হাসিনার দলের বন্ধের ডাক
ডিজিটাল ডেস্কঃ ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। আর সেই ঘোষণার পর থেকেই নতুন করে অশান্ত হয়ে উঠেছে পদ্মাপারের দেশ। একাধিক জেলায় রাজনৈতিক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ বাড়ছে। বুধবার রাতে চট্টগ্রামে প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) পৈতৃক বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। অন্যদিকে, বিএনপি ও আওয়ামী লিগের সংঘর্ষে প্রাণহানির খবর সামনে এসেছে। পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে লকডাউন (Lockdown) কর্মসূচির ডাক দিয়েছে হাসিনার দল।
চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় ইউনূসের পৈতৃক বাড়িটি অবস্থিত। অভিযোগ, বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত ঘরে আগুন ধরিয়ে দেয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
এদিকে, নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরবাইক মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, মিছিলে হামলা চালান আওয়ামী লিগের কর্মীরা। ঘটনায় সোহেল রানা ও শাহিন ইসলামের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ঢাকার বিভিন্ন এলাকাতেও বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একাধিক জায়গায় গাড়িতে আগুন লাগানোর পাশাপাশি গ্রামীণ ব্যাঙ্কের শাখাতেও হামলার অভিযোগ উঠেছে।
অন্যদিকে, গোপালগঞ্জে গাছ কেটে রাস্তা অবরোধের খবর মিলেছে। কয়েকটি এলাকায় রাজনৈতিক নেতা-কর্মীদের বাড়িতেও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) নিরাপত্তা বাড়িয়েছে। গুরুত্বপূর্ণ ফ্লাইওভার এবং সড়কে চলছে নজরদারি।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman) আওয়ামী লিগের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যের ডাক দিয়েছেন। বিএনপি কর্মীদেরও নিজ নিজ এলাকায় সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। সম্প্রতি ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। তাঁর প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশে।
