বিশ্বের খবর
ট্রাম্পের চিন সফরের আগে পুতিন-জিনপিং বৈঠক! দু’ঘণ্টার বৈঠকে কী অঙ্ক কষল মস্কো
ডিজিটাল ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) চিন সফরের আগেই আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (APEC) সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের চিনে পৌঁছনোর কথা। তার আগেই চিনে হাজির রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বুধবার চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping) সঙ্গে প্রায় দু’ঘণ্টা বৈঠক করেন তিনি। দুই রাষ্ট্রনেতার এই সাক্ষাৎ ঘিরে কূটনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা।
রুশ সংবাদ সংস্থা ‘তাস’-এর প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে মূলত রাশিয়া ও চিনের অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। চলতি বছরে এটি দুই নেতার তৃতীয় সরাসরি বৈঠক। ট্রাম্পের সফরের ঠিক আগে এই সাক্ষাৎ হওয়ায় ওয়াশিংটনকে ঘিরে নতুন কোনও কূটনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে কি না, উঠছে সেই প্রশ্নও।
এদিকে, ইউক্রেন যুদ্ধ (Ukraine War) বন্ধের বিষয়ে তিন রাষ্ট্রনেতার মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। পুতিন আগেই এমন বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন বলে খবর। তবে ট্রাম্প, পুতিন ও জিনপিংয়ের মধ্যে বৈঠক আদৌ হবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত নিশ্চয়তা মেলেনি।
শুধু কূটনীতি নয়, মস্কোর সামরিক তৎপরতাও নজর কেড়েছে। পুতিনের চিন সফরের মধ্যেই ভিয়েতনামে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বোমারু বিমান অবতরণের খবর সামনে এসেছে। ‘নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, স্যাটেলাইট ছবি (Satellite Images) থেকে এই তথ্য মিলেছে। সোভিয়েত যুগের পর প্রকাশ্যে এমন ঘটনার নজির বিরল। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে আমেরিকা ও চিনের সঙ্গে আলোচনার আগে নিজেদের সামরিক উপস্থিতির বার্তা দিতে চাইছে মস্কো।
অন্যদিকে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকেও ঘিরে জল্পনা তৈরি হয়েছে। ট্রাম্পের সঙ্গে তাঁর সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত মিললেও চিনে তাঁর যাওয়ার বিষয়ে এখনও নিশ্চিত খবর নেই।
ট্রাম্পের সফর ঘিরে চিনের শেনজেন শহরে (Shenzhen) ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সাজানো হয়েছে শহরের রাস্তাঘাট। এখন নজর, এই সম্মেলন থেকে বিশ্বরাজনীতিতে নতুন কোনও সমীকরণ তৈরি হয় কি না।
