দেশের খবর
কয়েক দশকের লড়াইয়ে মাওবাদীদের বিরুদ্ধে জয়! বস্তারে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করে বড় ঘোষণা মোদীর
ডিজিটাল ডেস্কঃ মাওবাদী ও নকশাল (Naxal) সন্ত্রাসের বিরুদ্ধে দীর্ঘ কয়েক দশকের লড়াইয়ে দেশ বড় সাফল্য পেয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দীপাবলির (Diwali) দিনে ছত্তীসগঢ়ের বস্তারে নিরাপত্তাকর্মীদের সঙ্গে উৎসবে যোগ দিয়ে এই বার্তা দেন তিনি। একইসঙ্গে অতীতের সরকারকে নিশানা করে তাঁর অভিযোগ, মাওবাদী সমস্যাকে গুরুত্ব দিয়ে মোকাবিলা করার পরিবর্তে কার্যত নিষ্ক্রিয় ছিল তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব।
বস্তারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জানান, দেশের প্রতিটি জেলা এখন মাওবাদী আতঙ্ক থেকে মুক্ত। কয়েক দশকের লড়াইয়ের পর এমন পরিস্থিতিতে দেশ প্রথম দীপাবলি পালন করছে বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, এই সাফল্যের পিছনে রয়েছে সরকারের সঠিক নীতি, নিরাপত্তা বাহিনীর সাহস এবং ধারাবাহিক অভিযান।
বক্তব্যে ২০০৪ থেকে ২০১৩ সালের পরিস্থিতির প্রসঙ্গ তুলে মোদী বলেন, সেই সময় মাওবাদী হামলায় সাধারণ মানুষ ও নিরাপত্তাকর্মীদের প্রাণহানি ঘটত। ২০১০ সালে দান্তেওয়াড়ার হামলায় ৭৬ জন CRPF জওয়ানের মৃত্যুর ঘটনাও স্মরণ করিয়ে দেন তিনি। তাঁর অভিযোগ, আগের সরকার মাওবাদী সমস্যাকে নিরাময় অযোগ্য রোগের মতো দেখত। মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ না করে হাত-পা গুটিয়ে বসে থাকত।
প্রধানমন্ত্রীর আরও দাবি, গত এক বছরে দেশের অভ্যন্তরে কর্তব্যরত অবস্থায় কোনও CRPF জওয়ানের মৃত্যু হয়নি। ৪৭ বছরের মধ্যে এটি একটি উল্লেখযোগ্য নজির বলে উল্লেখ করেন তিনি। এই সাফল্যের কৃতিত্ব নিরাপত্তাকর্মীদের আত্মত্যাগ ও নিষ্ঠাকেই দিয়েছেন মোদী।
তবে মাওবাদী সমস্যা পুরোপুরি শেষ হলেও আদর্শগতভাবে নকশালবাদ এখনও কিছু মানুষের মধ্যে রয়েছে বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী। তাঁদেরও মোকাবিলা করার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। বস্তারে উন্নয়ন ও নিরাপত্তার নতুন পরিবেশ গড়ে তোলার বার্তাও দেন মোদী।
