দেশের খবর
‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ নীতিতে অনড় বিজেপি! অনুপ্রবেশ ইস্যুতে ফের কড়া বার্তা মোদি-শাহের
ডিজিটাল ডেস্কঃ স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে দেশজুড়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব বিরোধীরা। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও নিশানা করছেন রাহুল গান্ধী-সহ ‘ইন্ডিয়া’ জোটের নেতারা। এবার সেই আন্দোলনের পালটা দিতে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করল বিজেপি (BJP)। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং দেশ থেকে বিতাড়নের পুরনো নীতিতেই অনড় থাকার বার্তা দিল গেরুয়া শিবির।
বিজেপির সরকারি সমাজমাধ্যমের পাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি দিয়ে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল, ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ (Detect, Delete, Deport)। অর্থাৎ চিহ্নিত করো, নাম বাদ দাও এবং দেশ থেকে বিতাড়িত করো। রাজনৈতিক মহলের মতে, SIR নিয়ে বিরোধীদের লাগাতার প্রতিবাদের মাঝেই এই বার্তার মাধ্যমে নিজেদের অবস্থান বুঝিয়ে দিতে চেয়েছে শাসক দল।
উল্লেখ্য, বছর দুয়েক আগে স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণ থেকে দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। পরবর্তীতে অমিত শাহ এই তিন দফার নীতিকে সামনে আনেন। বিভিন্ন রাজ্যের নির্বাচনী প্রচারেও অনুপ্রবেশের বিষয়টিকে গুরুত্ব দিয়ে তুলে ধরেছে বিজেপি। এবার ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মধ্যেও সেই অবস্থানেই জোর দেওয়া হল।
অন্যদিকে, বিরোধীদের অভিযোগ, SIR-এর নামে বহু বৈধ ভোটারের নাম বাদ পড়ছে। এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। পালটা অমিত শাহের দাবি, ভোটচুরির অভিযোগ তুলে আসলে অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক রক্ষা করার চেষ্টা করছে বিরোধীরা। তেলেঙ্গানায় এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়েও এই অভিযোগ করেছিলেন তিনি।
এদিকে, বিজেপির পক্ষ থেকে বিভিন্ন রাজ্যে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচি নেওয়া হচ্ছে। সব মিলিয়ে SIR-কে কেন্দ্র করে শাসক-বিরোধী সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। একদিকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন, অন্যদিকে অনুপ্রবেশ ইস্যুতে বিজেপির কড়া অবস্থান—এই দ্বিমুখী রাজনৈতিক লড়াই আগামী দিনে কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
