দেশের খবর
যন্তর মন্তরের বিক্ষোভ ঘিরে ধরপাকড়! আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র সহ বহু
ডিজিটাল ডেস্কঃ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (CJP) বিক্ষোভ ঘিরে শনিবার একাধিক রাজ্যে ধরপাকড়ের অভিযোগ উঠল। কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আটক করা হয়েছে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি, প্রবীণ নেত্রী বৃন্দা কারাট, সাংসদ জন ব্রিটাস, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং বাংলার বাম নেতা সুজন চক্রবর্তী, মিনাক্ষীকেও । এছাড়াও, গ্রেপ্তার হয়েছেন ইউটিউবার ধ্রুব রাঠি, সিজেপির আহ্বায়ক অভিজিৎ-সৌরভরা।
মুম্বইয়ে মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীকেও আটক করা হয়েছে বলে খবর। সিজেপির আন্দোলনের সমর্থনে কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। তার আগেই তাঁকে বান্দ্রা এলাকা থেকে আটক করে ডিএন নগর থানায় নিয়ে যায় পুলিশ। তুষার সমাজমাধ্যমে তাঁকে গুম করার অভিযোগ তুললেও পুলিশ গ্রেফতারের কথা অস্বীকার করে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকেও আটক করা হয়েছে। আম আদমি পার্টির অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দলের সদর দপ্তরও বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি আপের।
গ্রেপ্তার হলেও, সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপকের ছত্রপতি সম্ভাজিনগরের বাড়িতেও পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে একাধিক আইনজীবীকে আটক করার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন।
এসআইআর (SIR) প্রক্রিয়ায় কারচুপি এবং ফর্ম ৬ সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছিল সিজেপি। সুপ্রিম কোর্ট থেকে যন্তর মন্তরের দিকে মিছিল করে যাওয়ার সময় এসএফআইয়ের ৪০০-রও বেশি সদস্য-সহ ছাত্র সংগঠনের কর্মী ও আইনজীবীদের আটক করা হয়েছে বলে অভিযোগ। এসএফআইয়ের সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজির দাবি, সকাল ১০টা নাগাদ মিছিল শুরু হতেই পুলিশ তাঁদের আটক করে।
এদিকে, মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে কর্মসূচির অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ। মহারাষ্ট্রজুড়ে নজরদারিও বাড়ানো হয়েছে। শুক্রবার মুম্বই থেকে ২০০-র বেশি মানুষকে আটক করা হয়েছিল বলে খবর। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।
